যশোরে বিমানবাহিনী একাডেমিতে কৃতী কর্মকর্তাদের ওসমানী স্বর্ণপদক প্রদান

বাংলাদেশ বিমানবাহিনী একাডেমি, যশোরে বিএসসি (অনার্স) ইন অ্যারোনটিক্স ও বিবিএ প্রোগ্রামে সর্বোচ্চ একাডেমিক কৃতিত্ব অর্জনকারী কর্মকর্তাদের ওসমানী স্বর্ণপদক ও সনদপত্র দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব পদক ও সনদপত্র তুলে দেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। অনুষ্ঠানে ৮১, ৮২, ৮৩, ৮৪, ৮৫ ও ৮৬ বিএএফএ (বিএএফএ) কোর্সের কর্মকর্তাদের হাতে পদক ও সনদ তুলে দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বিমানবাহিনী প্রধান বলেন, একাডেমিক উৎকর্ষ একজন কর্মকর্তার পেশাগত জীবনের শক্তিশালী ভিত্তি তৈরি করে। জ্ঞানার্জনের কোনো শেষ নেই উল্লেখ করে তিনি বলেন, সময়ের সঙ্গে অর্জিত জ্ঞান প্রজ্ঞায় রূপ নেয়, যা সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে।

তিনি তরুণ কর্মকর্তাদের সততা, দক্ষতা ও পেশাদারির সর্বোচ্চ মান বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

বিমানবাহিনী প্রধান বলেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ বিমানবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব দায়িত্ব যথাযথভাবে পালনে উচ্চমানের প্রশিক্ষণ, কঠোর শৃঙ্খলা ও পেশাদারিত্ব অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন।

ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে প্রশিক্ষণ ও শিক্ষার মানোন্নয়নের ওপরও গুরুত্ব দেন বিমানবাহিনী প্রধান।

অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) ও সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক, কমান্ড্যান্ট (ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড), ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি, বিমানবাহিনী একাডেমির কমান্ড্যান্ট এবং বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights