রাজধানীতে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
রাজধানীর মতিঝিলে চোর সন্দেহে অজ্ঞাত এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) মতিঝিলের আরামবাগ এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় মতিঝিল থানা পুলিশ। তবে নিহত ওই ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মঙ্গলবার রাতে আরামবাগের একটি আসার চতুর্থ ও পঞ্চম তলার মাঝামাঝি সিঁড়ি থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তার দুই হাত ছাড়াও পিঠ ও পাসহ পুরো শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি, ওই ব্যক্তি চুরি করার জন্য ওই বাড়িতে ঢুকেছিল। ষষ্ঠ তলায় একটি বাসা থেকে মোবাইল ফোন চুরির সময় তাকে ধরে মারধর করা হয়। এতে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় ইতোমধ্যে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights