লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমন অভিযানে আটক ১৮২

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে পুলিশের দ্বিতীয় দিনের অভিযানে ১৮২ জনকে আটক করা হয়েছে। তাদের অপরাধের সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত জেলার ৬টি থানায় অভিযান চালিয়ে পুলিশ ১৮২ জনকে আটক করে। এর মধ্যে সদর থানায় ৬০ জন, চন্দ্রগঞ্জে ২১ জন, রায়পুরে ২৪ জন, রামগঞ্জে ২৪ জন, রামগতিতে ১৩ জন, কমলনগর ১৭ জন ও ডিবি ২৩ জনকে আটক করেছে। কিশোর অপরাধ, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে উত্ত্যক্ত করা, মাদক ও মারামারিসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, কিশোর গ্যাং ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সন্তানদের বিষয়ে অভিভাবকদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights