লাইসেন্স না থাকায় ঘোড়াঘাটে দুই করাত কলে জরিমানা
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে লাইসেন্স না থাকায় ২টি করাত কল মালিককে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকাল ৫টার দিকে ঘোড়াঘাট উপজেলার রানিগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালতে কাগজপত্র দেখাতে না পারায় রানীগঞ্জ বাজারের মো. আজিজার রহমান ও মোরছালিনের করাত কলকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম জানান, অবৈধ করাত কলের বিরুদ্ধে অভিযান চলবে।
ভ্রাম্যমাণ আদালত চলাকালে ঘোড়াঘাট উপজেলা বন কর্মকর্তা মো. ফসিউর রহমানসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
