লামা থেকে অপহৃত ৯ তামাক চাষি উদ্ধার
অনলাইন ভার্সন
বান্দরবানের লামা থেকে অপহৃত ৯ তামাক চাষিকে ছেড়ে দিয়েছে অস্ত্রধারীরা। বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার সরই ইউনিয়নের পাহাড়ি এলাকায় তাদের ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তারা সরই লুলাইং সেনা ক্যাম্পে রয়েছেন। সেখানে তারা সুস্থ রয়েছেন।
লামা থানার ওসি তোফাজ্জল হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, অপহৃতদের মুক্তির বিনিময়ে কোনো মুক্তিপণ দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।
উদ্ধারকৃতরা হলেন- তামাক ক্ষেতের মালিক ভুট্টু ও আমিন, মো. এহসান, জমির হোসেন, নবী হোসেন, রশিদুল্লাহ, ইসমাইল হোসেন, ইমরান হোসেন এবং শাহিদুল আলম।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সরই ইউনিয়নের লেমুপালং এলাকার তামাক ক্ষেত থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা ৯ তামাক চাষিকে অপহরণ করে। খবর পেয়ে অপহৃতদের উদ্ধার করতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।
