শরীয়তপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ, শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি
শরীয়তপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
বিষয়টি জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
মঙ্গলবার বিকেলে নিজের ফেসবুক পেজে লাইভে এসে শরীয়তপুরবাসীকে এ তথ্য জানান তিনি।
লাইভে হুইপ বলেন, শরীয়তপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি পাঠানো হয়েছে।
তিনি দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম শুরু করার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে শরীয়তপুরসহ আশপাশের জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন স্থানীয়রা।
