শরীরের সীমাবদ্ধতা নিয়ে মুখ খুললেন অমিতাভ

অনলাইন ডেস্ক
৮৪ বছর বয়সেও কাজের ব্যস্ততায় বিরতি নেই বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের। একের পর এক কাজ সামলানোর পাশাপাশি শরীরচর্চার অভ্যাসও ফিরিয়ে আনার চেষ্টা করছেন তিনি। তবে বয়সের সঙ্গে পাল্লা দিয়ে কাজের চাপ সামলানো যে সহজ হচ্ছে না, সেটিই এবার নিজের ব্লগে তুলে ধরেছেন বলিউডের ‘শাহেনশাহ’।

সম্প্রতি নিজের ব্লগে অনিদ্রা, শারীরিক চর্চা এবং ব্যস্ত জীবনযাপনের নানা সমস্যার কথা জানিয়েছেন অমিতাভ। সোমবার (২ নভেম্বর) ব্লগে লেখার সময় অক্ষরের আকার ছোট-বড় করা নিয়ে সমস্যায় পড়ার কথা জানান তিনি। কীভাবে এই সমস্যার সমাধান করবেন, তা বুঝতে পারছেন না বলেও উল্লেখ করেন।

অমিতাভ লেখেন, ‘ব্লগ লেখার সময়ে অক্ষরের আকার নিয়ে সমস্যায় পড়ছি। কেউ যদি জানেন কীভাবে ঠিক করতে হয়, তাহলে বুঝিয়ে দেবেন। গুগলে খুঁজেও নির্দেশগুলো বুঝতে পারিনি।’

এরপর নিজের ঘুমের সমস্যার কথাও তুলে ধরেন অভিনেতা। আগের রাতে ব্লগ লেখা উচিত ছিল, এমন চিন্তা মাথায় ঘুরতে থাকায় স্বাভাবিক সময়ের আগেই ঘুম ভেঙে যায় তাঁর। আবার ঘুমিয়ে পড়ার জন্য নানা পদ্ধতি অবলম্বন করেও বিশেষ লাভ হয়নি।

শেষ পর্যন্ত স্বাভাবিক উপায়েই ঘুমানোর চেষ্টা করেন অমিতাভ। কম্বলের মধ্যে নিজেকে মুড়ে ভ্রূণের মতো গুটিসুটি মেরে শুয়ে পড়েন। এতে যদি কিছুটা ঘুম আসে, সেই আশাই করেছিলেন তিনি।

সকালের অভিজ্ঞতা নিয়েও ব্লগে লিখেছেন অভিনেতা। বারবার হাই ওঠার প্রসঙ্গ টেনে শরীরে অক্সিজেনের প্রয়োজনের কথা উল্লেখ করেন তিনি। তবে হাই উঠলেও পর্যাপ্ত ঘুম হচ্ছে না বলে জানান অমিতাভ।

শুধু ঘুমের সমস্যাই নয়, শরীরচর্চার অভ্যাসেও ছেদ পড়েছে তাঁর। নিজের মনের ইচ্ছা আর শরীরের সীমাবদ্ধতার কথা তুলে ধরে অমিতাভ লেখেন, ‘মন বলে, হ্যাঁ, পারব। কিন্তু শরীর বলে, একটু থামো বন্ধু!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights