শিক্ষার্থীদের বিরোধে তিন গ্রামের অভিভাবকদের মধ্যে সংঘর্ষ, আহত ৭

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে মারামারি ঘটনাকে কেন্দ্র করে তিন গ্রামের অভিভাবকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী-অভিভাবকসহ ৭ জন আহত হয়েছেন। আহতদেরকে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বালিয়াডাঙ্গা, মহিষাডাঙ্গা ও ভগবাননগর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিরোধ ও মারামারির ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে সালিশী মীমাংসায় বসেন। কথা-কাটাকাটির একপর্যায়ে ৩ গ্রামের অভিভাবকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে ঝিনাইদহ সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মজিদ মণ্ডলের ছেলে শিক্ষার্থী সম্রাট, মহিষাডাঙ্গা গ্রামের অভিভাবক উইলিয়াম (৫০) ও তার ছেলে শিক্ষার্থী উজান (১৬), একই গ্রামের অভিভাবক পান্টু (৭০) ও তার ছেলে শিক্ষার্থী তানজিল, অভিভাবক চন্টু (৬৫), ভগবাননগর গ্রামের অজ্ঞাত আরও ২ জনসহ ৭ জন আহত হয়েছেন।

এ তথ্য নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights