শিবচরে প্রাইভেটকারে ৬৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে পুলিশের চেকপোস্ট অভিযানে একটি প্রাইভেটকার থেকে ছয় হাজার আটশত পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় জুয়েল ফরাজী (২৫) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। শুক্রবার (৩০ মে) গভীর রাতে শিবচর উপজেলার শেখপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত জুয়েল ফরাজী ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার জয়ার হাটবাজার এলাকার আজিজুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মুন্সি আশফাকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল রাত আড়াইটার দিকে শেখপুর বাসস্ট্যান্ডে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালায়।

এ সময় একটি সাদা প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে তা থামানো হয়। গাড়ির ভেতরে থাকা জুয়েল ফরাজীর কাছ থেকে ৬,৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ইয়াবাসহ আটক করে পুলিশ এবং প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

এ বিষয়ে শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মুন্সি আশফাকুল ইসলাম বলেন, “অভিযানে ৬,৮০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights