সাভারে কিশোরগ্যাংয়ের হামলার একজনের মৃত্যু, চিকিৎসাধীন আরও ৩

সাভার প্রতিনিধি

সাভারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোরগ‍্যাংয়ের হামলার ঘটনায় আহত আকাশ মাহমুদ (২২) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এঘটনায় আহত আরও তিনজন সাভারের এনাম মেডিকেলে ভর্তি রয়েছেন ।

বুধবার (১২ জুলাই) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এনাম মেডিকেল কলেজের ডিউটি অফিসার ইউসুফ আলী। এর আগে, সকাল সাড়ে ১১টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান আকাশ। নিহত আকাশ মাহামুদ মানিকগঞ্জ জেলার শিবালয় থানার কল‍্যানপুর গ্রামের আবুল বাশারের ছেলে। তিনি সাভারের ব‍্যাংক কলোনী কাস্টম রোডে ভাড়া থেকে একটি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

জানা যায়, আরিচা মহাসড়কের সাভারের রাজ্জাক প্লাজা ও সুপার ক্লিনিক সংলগ্ন একটি খাবার হোটেলের ভেতর পিনিক রাব্বি গ্রুপ ও হৃদয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হলে পিনিক রাব্বি গ্রুপের ৪ জন আহত হন। আহতদের মধ্যে দুইজন হলেন- ইয়াসিন (২২) , সোহাগ (২১)। তবে অন্য দুইজনের কোনও তথ্য পাওয়া যায়নি। অভিযুক্তরা হলেন- কিশোর গ্যাং লিডার হৃদয় (২২), আকাশ (২১), নুর উদ্দিন (২২) ও জনি (২১)-সহ আরও আট থেকে ১০ জন সদস্য।
নিহেতর বাবা আবুল বাশার জানায় , আকাশ একটি কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতো। সে অফিসের টাকা বুঝিয়ে দেওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর রাত আটটায় জানতে পারি হৃদয় গ্রুপের লোকজন তাকে কুপিয়ে আহত করেছে। আজ (বুধবার) সকালে আকাশ মারা যায়। আমি দোষীদের গ্রেফতার করে শাস্তি দাবি করছি।

এলাকাবাসী জানায়, পিনিক রাব্বি ও হৃদয় সন্ত্রাসী কার্যক্রমের সাধে সরাসরি জড়িত। দুই গ্রুপের সদস্যরাই চাঁদাবাজি, সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করর চলেছে। তাদের জন্য সর্বদা আতংকে থাকতে হয়। নুরুদ্দিন নামের এক ব্যক্তি এলাকায় কিশোর গ্যাং পরিচালনা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক সুদীপ কুমার গোপ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ঘটনার পর দুইজনেক গ্রেফতার করা হয়েছিল। তদন্তের স্বার্থে পরিচয় দেওয়া যাচ্ছে না। বাকীদের গ্রেফতারে অভিযান অব‍্যহত আছে। কিশোর গ্যাংয়ের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে পিনিক রাব্বি ও হৃদয় গ্রুপের মধ্যে গত ৯ জুলাই সংঘর্ষ হয়। এতে পিনিক রাব্বি গ্রুপের ১৪ জন আহত হলে তাদের মধ্যে একজন মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights