সাভারের শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমের দুই দিনের রিমান্ড মঞ্জুর

সাভার প্রতিনিধি

সাভারে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ও শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত শামীম রেজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত শামীম ও তার সহযোগী ফেরদৌস আহমেদ রাজুর দুই দিন করে এবং অপর সহযোগী রাকিব হোসেনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকার আদালতে আসামিদের হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

এর আগে বুধবার কক্সবাজার সদর থানা এলাকার বিমানবন্দর এলাকা থেকে শামীম, তার ম্যানেজার ফেরদৌস আহমেদ রাজু এবং সহযোগী রাকিব হোসেনকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২২ মে সাভারের আইচা নোয়াদ্দা এলাকায় মাদক ব্যবসা নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিক হামলার শিকার হন। এ ঘটনায় দায়ের করা মামলায় শামীমকে প্রধান আসামি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights