সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ২৩
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজন, মাদকসেবী ১৫ জন, পরোয়ানাভুক্ত দুই আসামি এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় দুজনসহ মোট ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সোনারগাঁ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের একাধিক দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে গ্রেফতার ১৫ মাদকসেবীর মধ্যে অধিকাংশই সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এ ছাড়া মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার চারজনের মধ্যে সোনারগাঁয়ের পাশাপাশি কক্সবাজারের চকরিয়া ও টেকনাফ এলাকার বাসিন্দাও রয়েছেন।
অভিযানে আরও দুই পরোয়ানাভুক্ত আসামি এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূল, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
