৪৫৮৬ ইউনিয়নে মা-শিশু সহায়তা কর্মসূচির আওতায় বাছাই করা হবে নতুন উপকারভোগী
বাসস
দেশের ৪ হাজার ৫৮৬টি ইউনিয়নে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ২০২৬-২৭ অর্থবছরের নতুন উপকারভোগী বাছাই করা হবে।
দারিদ্র্য, খাদ্য নিরাপত্তাহীনতা ও অপুষ্টির হার বিবেচনায় নিয়ে এসব উপকারভোগী নির্বাচন করবে সংশ্লিষ্ট উপজেলা কমিটি।
মহিলা বিষয়ক অধিদপ্তরের ১ অক্টোবরের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, গত ৩০ জুন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে মা ও শিশু সহায়তা কর্মসূচির পিএসসি কমিটির সভায় নতুন উপকারভোগী নির্বাচনের জন্য ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনভিত্তিক বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ৫০৩টি উপজেলার ৪ হাজার ৫৮৬টি ইউনিয়নে নতুন উপকারভোগী নির্বাচন করা হবে। এর মধ্যে দারিদ্র্য, খাদ্য নিরাপত্তাহীনতা ও অপুষ্টির হার বিবেচনায় অগ্রাধিকারপ্রাপ্ত ১৭৭টি উপজেলার ১ হাজার ২১১টি ইউনিয়নে প্রতি মাসে নয়জন করে উপকারভোগী নির্বাচনের বরাদ্দ দেওয়া হয়েছে।
অপরদিকে, ৩২৬টি উপজেলার ৩৭৯টি ইউনিয়নে প্রতি মাসে ছয়জন করে উপকারভোগী নির্বাচনের জন্য বরাদ্দ রাখা হয়েছে। অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে স্থানীয় দারিদ্র্য ও পুষ্টি পরিস্থিতি বিবেচনায় উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ করা হবে।
এ ছাড়া ‘ক’ শ্রেণির ২০৭টি পৌরসভার ১,৯৮৭টি ওয়ার্ডে জনসংখ্যার ঘনত্ব বিবেচনায় প্রতি মাসে ৩ জন করে এবং ‘খ’ ও ‘গ’ শ্রেণির ১২৫টি পৌরসভার ১ হাজার ১২৫টি ওয়ার্ডে প্রতি মাসে দুইজন করে নতুন উপকারভোগী নির্বাচন করা হবে।
১৩টি সিটি করপোরেশনের ৫০১টি ওয়ার্ডের জন্যও পৃথক বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৩টি সিটি করপোরেশনের ১৭০টি ওয়ার্ডে প্রতি মাসে চরজন করে এবং অপর ১০টি সিটি করপোরেশনের ৩০১টি ওয়ার্ডে প্রতি মাসে দুইজন করে উপকারভোগী নির্বাচন করা হবে।
শিল্প খাতের ৫০০টি কারখানাকেও কর্মসূচির আওতায় আনা হয়েছে। বিজিএমইএ, বিকেএমইএ ও এফএলএক্সএ-এর আওতাভুক্ত এসব কারখানায় প্রতি মাসে একজন করে উপকারভোগী নির্বাচনের বরাদ্দ রয়েছে। এ হিসাবে কারখানাগুলোতে বছরে মোট ছয় হাজার উপকারভোগী নির্বাচন করা হবে।
চিঠিতে বলা হয়েছে, কোনো ইউনিয়ন বা পৌরসভা তালিকা থেকে বাদ পড়লে অথবা স্থানীয় চাহিদার তুলনায় কোথাও বরাদ্দ কম বা বেশি হলে সংশ্লিষ্ট উপজেলা কমিটি নিজ উপজেলার নির্ধারিত বরাদ্দের মধ্যে তা পুনর্বিন্যাস করতে পারবে। তবে কোনো উপজেলা তার জন্য নির্ধারিত মোট বরাদ্দের বেশি উপকারভোগী নির্বাচন করতে পারবে না। সূত্র: বাসস
