অনলাইন ভার্সন ট্রফি উন্মোচনের অপেক্ষা, উৎসবের রঙে সেজেছে এবিজি স্পোর্টস সিটি

অনলাইন ডেস্ক

বর্ণিল সাজসজ্জা, জমকালো আয়োজন আর তারকাদের পদচারণায় উৎসবের রঙে সেজেছে এবিজি স্পোর্টস সিটি। চারদিকে সাজ সাজ রব, অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে বাড়ছে উত্তেজনা।

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই ট্রফি ও জার্সি উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে দেশের গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়োজিত ‘এবিজি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। শনিবার বিকেল ৩টায় এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোরে অনুষ্ঠিত হবে এই বর্ণাঢ্য আয়োজন। টুর্নামেন্টকে ঘিরে এরই মধ্যে সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি।

সাজানো হয়েছে অনুষ্ঠানস্থল। অংশগ্রহণকারী দলগুলোর জন্য প্রস্তুত করা হয়েছে জার্সি ও ট্রফি উন্মোচনের মঞ্চ। অনুষ্ঠানে দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত ব্যক্তিত্ব, তারকা ও বিনোদনজগতের শিল্পীদের উপস্থিত থাকার কথা রয়েছে। তাদের অংশগ্রহণে পুরো আয়োজন আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে প্রত্যাশা আয়োজকদের।

আগামী ১ ডিসেম্বর মাঠে গড়াবে এবিজি মিডিয়া কাপের মূল প্রতিযোগিতা। দেশের শীর্ষস্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও রেডি স্টেশনের গণমাধ্যমের দলগুলো এতে অংশ নেবে। আয়োজকদের দাবি, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এত বড় পরিসরে বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের সাংবাদিকদের নিয়ে এমন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।

সংবাদ সংগ্রহ, সম্পাদনা, সম্প্রচার ও প্রতিবেদন তৈরির ব্যস্ততায় সাংবাদিকদের প্রতিদিনের কর্মজীবন কাটে। সেই পেশাগত চাপের বাইরে তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই আয়োজন।

একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের জন্য সুস্থ বিনোদন ও ক্রীড়াচর্চার সুযোগ তৈরি করাও টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য।
আজকের অনুষ্ঠানে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের দুপুর ১টার মধ্যে উপস্থিত থাকতে বলা হয়েছে। তাদের নিয়ে জার্সি উন্মোচন ও ফ্যাশন শোর মহড়া অনুষ্ঠিত হবে। অধিনায়কদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে। এতে প্রতিটি অংশগ্রহণকারী গণমাধ্যম প্রতিষ্ঠানের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক অথবা ক্রীড়া সম্পাদককে আমন্ত্রণ জানানো হয়েছে।

ট্রফি ও জার্সি উন্মোচনের পাশাপাশি অনুষ্ঠানে টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করা হবে। এ নিয়ে গণমাধ্যমকর্মীদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। পুরস্কারের অঙ্ক নিয়ে চলছে নানা আলোচনা। এ ছাড়া টুর্নামেন্ট ঘিরে কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবারদের জন্যও থাকছে বিশেষ পুরস্কার। সর্বোচ্চ ভিউ পাওয়া কনটেন্টের নির্মাতাকে দেওয়া হবে তিন লাখ টাকা।

আয়োজনের প্রচার-প্রচারণায় আলোকচিত্রী ও ফ্রিল্যান্সারদেরও যুক্ত করা হচ্ছে। তাদের তোলা ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে টুর্নামেন্টের প্রচারণা বাড়াতেও বিশেষ পরিকল্পনা রয়েছে আয়োজকদের।

নকআউট ও গ্রুপ পর্বের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আয়োজকদের প্রত্যাশা, মাঠের লড়াইয়ের পাশাপাশি পুরো আয়োজন গণমাধ্যমকর্মীদের মধ্যে নতুন বন্ধুত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন তৈরি করবে।

সব মিলিয়ে মূল প্রতিযোগিতা শুরুর আগেই এবিজি মিডিয়া কাপ ঘিরে তৈরি হয়েছে উৎসবের আবহ। আজকের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠান সেই উৎসবের আনুষ্ঠানিক সূচনা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights