অভিনব পদ্ধতিতে তেল চুরি
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে জাতীয় গ্রিডের কনডেনসেটবাহী পাইপলাইন ছিদ্র করে দুই দিনে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরির ঘটনা ঘটেছে। পরে অনুসন্ধান চালিয়ে পাইপলাইনে বসানো বিশেষ পাইপ, তেল চুরির সরঞ্জাম ও মজুত করার আলামত পাওয়া গেছে। এ ঘটনায় সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনের নাম উল্লেখ করে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)। জিটিসিএল সূত্র জানায়, গত বুধবার ভোররাতে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ডাক্তার বাড়ি এলাকায় তেল চুরির বিষয়টি জিটিসিএল নিরাপত্তাকর্মীদের নজরে আসে। এরপর অভিযুক্ত ইসলাম উদ্দিনের বাড়ির পুকুর থেকে উদ্ধার করা হয় কয়েকটি বড় পানির ট্যাংকি। বাড়িতে তেল মজুতের জন্য তৈরি করা ছিল দুটি বড় গর্ত। পুলিশ ও জিটিসিএল কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বুধবার রাত ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উত্তর নোয়াপাড়া এলাকার রতনপুর ডাক্তার বাড়ির গেটের কাছে কনডেনসেট পাইপলাইনে একটি ছিদ্র দেখতে পান কোম্পানির নিরাপত্তা কর্মীরা। এ সময় তারা পাইপলাইনের কাছাকাছি পাঁচ-ছয়জন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান। নিরাপত্তাকর্মীরা তাদের দিকে এগিয়ে গেলে ওই ব্যক্তিরা সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে তল্লাশি চালিয়ে পাইপলাইনে একটি ছিদ্র পাওয়া যায়। এ ছাড়া সেখানে এমন আলামত পাওয়া গেছে যা থেকে বোঝা গেছে, একটি লম্বা হোসপাইপ ব্যবহার করে কনডেনসেট (জ্বালানি উপজাত) চুরি করা হচ্ছিল। এ ব্যাপারে জিটিসিএলের নিরাপত্তাকর্মীদের সুপারভাইজার দুলাল মিয়া জানান, ঘটনার আগের রাতে ইসলাম উদ্দিনকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে যেতে চাইলে তিনি বাধা দেন। পরে তার বাড়ি থেকে তেল মজুতের ট্যাংকি ও সরঞ্জাম উদ্ধার করা হয়। জিটিসিএলের আশুগঞ্জ অঞ্চলের উপমহাব্যবস্থাপক (সিকিউরিটি) মো. মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপক মো. জায়েদ হোসেন জানান, দুই দিনে প্রায় ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি হয়েছে। মাধবপুর থানার (ওসি) সোহেল রানা বলেন, সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনের নাম উল্লেখ করে পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
