আইএসে যোগ দেওয়ায় ৩ ফরাসি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন ডেস্ক

ইসলামিক স্টেট (আইএস) যোগ দেওয়ার দায়ে তিন ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ইরাকের একটি আদালত। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়,গত বছর সিরিয়া থেকে ইরাকে স্থানান্তর করা একদল ফরাসি নাগরিকের মধ্যে সর্বশেষ এই তিনজনের সাজা হলো।

বৃহস্পতিবার বাগদাদের কারখ এলাকার ফৌজদারি আদালত চার্লি সান, কামাল বেন এমবারেক ও আমির আমিন দালি আমারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ইরাকে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ ২০ বছর।

এএফপি’র এক সংবাদদাতা জানান, ‘সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটে যোগদান এবং সংগঠনটির সদস্যদের সঙ্গে মিলে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার অপরাধে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে।’

চার্লি সানের বোন ক্যারোল সানকে উত্তর-পূর্ব সিরিয়া থেকে ফ্রান্সে ফিরিয়ে নেওয়া হয়েছিল। গত বছরের ডিসেম্বরে তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০১৪ সালে কিশোর বয়সে ভাইয়ের সঙ্গে তিনিও জিহাদি গোষ্ঠীটিতে যোগ দিয়েছিলেন।

একই ধরনের অভিযোগে গত মঙ্গলবার আরও ছয় ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আরেকজনকে দেওয়া হয় ১৫ বছরের কারাদণ্ড।

এ পর্যন্ত সাজাপ্রাপ্ত ১০ জনই গত বছর সিরিয়া থেকে ইরাকে স্থানান্তর করা ৪৭ জন ফরাসি নাগরিকের একটি দলের সদস্য।

ওই দলে আদ্রিয়েন গিহালও রয়েছেন, যিনি ২০১৬ সালে ফ্রান্সের নিস শহরে আইএসের হামলার দায় স্বীকার করেছিলেন।

ইসলামিক স্টেটের সদস্যসহ সন্দেহভাজন জিহাদিদের ভিড়ে ইরাকের কারাগারগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি রয়েছে। সম্প্রতি প্রতিবেশী সিরিয়া থেকে স্থানান্তর করা আরও কয়েক হাজার বন্দিকে এসব কারাগারে রাখা হয়েছে।

আসামিদের কয়েকজনের ফরাসি আইনজীবী সতর্ক করে বলেছেন, তাঁদের মক্কেলদের ন্যায়বিচারের যথাযথ প্রক্রিয়া থেকে বঞ্চিত করা হচ্ছে এবং অন্যায্য বিচারে দোষী সাব্যস্ত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights