আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট ব্যুরো :
সন্ত্রাসীদের কীভাবে মোকাবিলা করতে হয়, তা এ দেশের মানুষ ও সরকার জানে বলে হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আমরা সহ্য করার চর্চা করি। কিন্তু আমাদের যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হয়, অবশ্যই নেব। বাংলাদেশে সন্ত্রাসী এবং আওয়ামী সন্ত্রাসীদের কোনো স্থান নেই। সরকার কঠোরভাবেই এদের বিরুদ্ধে অবস্থান নেবে।’
শুক্রবার সন্ধ্যায় সিলেটে নিজ বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জয় বাংলা এখন পালিয়ে যাওয়ার স্লোগান। তারা কার্টুনের মতো দেখবেন, ছোট-খাটো একটি ককটেল মেরে সরু গলায় জয় বাংলা বলে পালিয়ে যায়। আওয়ামী লীগ এখন আওয়ামী সন্ত্রাসী লীগ, তারা এখন আর আওয়ামী লীগ নয়।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ এখন আওয়ামী সন্ত্রাসী লীগ, তারা এখন আর আওয়ামী লীগ না। শেখ হাসিনা আওয়ামী লীগ করতে করতে দল ধ্বংস করছে, পরিবারও ধ্বংস করছে। এখানে যারা আছে, এদেরকেও হামলে ফেলার চেষ্টা করছে।’
আগুন দেওয়ার প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমার বাসার গেটে আগুন দিয়ে দৌড় দিয়েছে। একটা বিড়ালও তো কিছুক্ষণ দাঁড়ায়, পরে দৌড় দেয়। এদের অবস্থা এমন হয়েছে—জয় বাংলা বলেই দৌড়, খুঁজে মেলে না। জয় বাংলা জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগান হিসেবে পরিচিত হয়েছে। সন্ত্রাসীদের কীভাবে মোকাবিলা করতে হয়, এ দেশের মানুষ জানে, সরকারও জানে।’
সন্ত্রাসীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা টলারেন্স এক্সারসাইজ করি, মানুষকে এমব্রেস করি। বাট এখানে কোনোখানে যদি আমাদের কঠোর পদক্ষেপ নিতে হয়, সন্ত্রাসীদের বিরুদ্ধে অবশ্যই নেব। বাংলাদেশে সন্ত্রাসীদের কোনো স্থান নাই। আওয়ামী সন্ত্রাসীদের কোনো স্থান বাংলাদেশে নাই। এবং সরকার কঠোরভাবেই এদের বিরুদ্ধে অবস্থান নেবে।’
দেশের অগ্রগতির কথা উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, ‘দেশ আজকে ভালো আছে। আজকে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে রাজনৈতিক কূটনৈতিক নেতৃত্ব আসছে উজ্জ্বল। বাংলাদেশে আজকে ফরেন ইনভেস্টমেন্ট আসতেছে। বাংলাদেশে আজকে একটা সুশাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হইছে, যে বাংলাদেশের মানুষের রাইটস, অধিকার মানে এস্টাবলিশ করতেছে। দেশে বৈদেশিক বিনিয়োগ আসতেছে, শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, যেটি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করছে। এগুলো দেখে একটি ক্ষুদ্র গোষ্ঠী আছে, যাদের মাথায়, পেটে ব্যথা হয়। এগুলো করেই তারা বিলীন হয়ে যাবে।’
