আবাসিক ভবন থেকে যত্রতত্র ময়লা ফেলায় সতর্কতা, বিজ্ঞপ্তি জারি

অনলাইন ডেস্ক
সরকারি কোয়ার্টার ও কলোনিতে বসবাসের অনুকূল পরিবেশ তৈরি এবং ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম গ্রহণের নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। একই সঙ্গে সরকারি আবাসিক ভবনের ওপর থেকে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলতে কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রশাসন-৪ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি আবাসনগুলোতে জনস্বাস্থ্য সুরক্ষা, বসবাসের অনুকূল পরিবেশ তৈরি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য অর্থ বিভাগের কোটাভুক্ত ‘এ’, ‘বি’ ও ‘সি’ শ্রেণির সরকারি বাসার বরাদ্দপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের কয়েকটি সিদ্ধান্ত আবশ্যিকভাবে প্রতিপালন করতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, অর্থ বিভাগের অধীন ‘এ’, ‘বি’ ও ‘সি’ শ্রেণির সরকারি কোয়ার্টারে দৃশ্যমান সব ধরনের ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন উদ্যোগে সহযোগিতা করতে হবে।

এ ছাড়া এসব কোয়ার্টারে বসবাসকারী কর্মকর্তা-কর্মচারীদের ভবনের ওপর থেকে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে সতর্ক থাকতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে ছাদে বাগান থাকা ভবনগুলোর বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এসব ভবনের ছাদ পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি ছাদে পানি জমে ভবনের কোনো ধরনের ক্ষতি হচ্ছে কি না, সে বিষয়েও অধিকতর গুরুত্ব দিয়ে নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

সেখানে আরও বলা হয়েছে, জনস্বার্থে এবং কলোনির বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষায় যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে এ আদেশ জারি করা হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেছে অর্থ বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights