ইউক্রেনীয়দের রাশিয়ার সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পুতিনের
অনলাইন ডেস্ক
ইউক্রেনীয়দের রাশিয়ার সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, দুই দেশের মানুষের উচিত ইতিহাসের ‘সঠিক পক্ষে’ এসে অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করা। তবে এই ঐক্য মানেই যে দুই দেশকে এক রাষ্ট্রে পরিণত হতে হবে, তা নয় বলেও স্পষ্ট করেছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) রুশ অর্থোডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিলের ৮০তম জন্মদিন উপলক্ষে নির্মিত এক প্রামাণ্যচিত্রে তিনি এই আহ্বান জানান। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রামাণ্যচিত্রের সাক্ষাৎকারে পুতিন বলেন, বর্তমানে দুই দেশের মধ্যে যত মর্মান্তিক ঘটনাই ঘটুক না কেন, ইউক্রেনীয়দের রাশিয়ার পাশে আসা উচিত। তিনি বলেন, ‘আমি বলতে চাই, আমাদের পক্ষে চলে আসুন। কারণ এটি আমাদের সবার পক্ষ। এটি ইতিহাসের সঠিক পক্ষ।’
তবে দুই দেশকে একীভূত করে ‘একটি রাষ্ট্র’ গঠনের কথা বলছেন না বলে জোর দেন রুশ প্রেসিডেন্ট। তার মতে, ‘ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপক অর্থে’ অভিন্ন লক্ষ্য অর্জনের কথাই তিনি বলছেন। যদিও এসব অভিন্ন লক্ষ্য কী, তা তিনি স্পষ্ট করেননি।
বক্তব্যে পুতিন আবারও ইউক্রেনের পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে ‘ভাগ করো ও শাসন করো’ নীতি অনুসরণের অভিযোগ তোলেন। তার দাবি, পশ্চিমা দেশগুলো মস্কো ও কিয়েভকে দুর্বল, বিভক্ত ও ভেঙে ফেলে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকেই রুশ ও ইউক্রেনীয়দের মধ্যে ঐতিহাসিক ঐক্যের কথা তুলে ধরছেন পুতিন। ইউক্রেনে রাশিয়ার এই সামরিক অভিযান ষষ্ঠ বছরে প্রবেশের দিকে এগোচ্ছে। বর্তমানেও ইউক্রেনের বিভিন্ন শহর ও অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রয়েছে। উভয় পক্ষেই হতাহতের সংখ্যা বেড়েই চলেছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ইউক্রেনে প্রায় ১৮ হাজার বেসামরিক নাগরিক নিহত এবং প্রায় ৫৮ হাজার মানুষ আহত হয়েছেন।
অন্যদিকে, স্বাধীন যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা কনফ্লিক্ট ইন্টেলিজেন্স টিমের (সিআইটি) হিসাব বলছে, ২০২৬ সালের শুরু থেকে ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রায় ৬০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
উল্লেখ্য, পুতিনের ‘ইতিহাসের সঠিক পক্ষ’ কথাটির পেছনে রাশিয়া ও ইউক্রেনের অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যে জড়িত বলে ধারণা করা হচ্ছে। ১৯২২ থেকে ১৯৯১ সাল পর্যন্ত দুই দেশই সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। তবে পুতিনের বক্তব্য এর বাইরেও বিস্তৃত। তিনি রুশ ও ইউক্রেনীয়দের অভিন্ন ঐতিহাসিক শিকড়ের কথা তুলে ধরে দুই দেশের বৃহত্তর ঐক্যের পক্ষে অবস্থান নিয়ে আসছেন। তবে তার এই ঐতিহাসিক ব্যাখ্যা ইউক্রেনের স্বাধীন ও স্বতন্ত্র রাষ্ট্রীয় পরিচয়ের সঙ্গে স্পষ্টতই সাংঘর্ষিক।
সূত্র: মস্কো টাইমস
