ইনানীতে আরেক স্থাপনাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা কউকের
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর পর পর্যটন এলাকার ভবনগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এরই মধ্যে ইনানীর আরেকটি স্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)। শহীদুল হক চৌধুরীর নামে থাকা ওই স্থাপনাটিকে কেন ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংস্থাটি।
বাংলাদেশ প্রতিদিনের হাতে আসা কউকের নথি অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নোটিশটি জারি করা হয়। নোটিশটি পাঠানো হয়েছে শহীদুল হক চৌধুরী, হোটেল এসএ ইন্টারন্যাশনাল, কলাতলী, কক্সবাজারের ঠিকানায়। এতে স্থাপনার অবস্থান উল্লেখ করা হয়েছে ইনানী, উখিয়া।
নোটিশের বিষয়বস্তুতে বলা হয়েছে, ভবনটিকে কেন ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হবে না, সে বিষয়ে কারণ দর্শাতে হবে। একই সঙ্গে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) অনুসরণের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।
কউকের নথিতে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট স্থাপনার নির্মাণ ও অনুমোদনসংক্রান্ত বিষয়ে এর আগে একাধিক নোটিশ দেওয়া হয়েছিল। ইমারত নির্মাণ আইন, ১৯৫২-এর প্রাসঙ্গিক বিধান এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুসরণের বিষয়েও মালিকপক্ষকে সতর্ক করা হয়।
নোটিশে আগের নথি ও সরেজমিন পরিদর্শনের প্রসঙ্গ তুলে ভবনটির নির্মাণ, নকশা, অনুমোদন এবং নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। পাশাপাশি ভবনটির অনুমোদিত নকশা, কারিগরি প্রতিবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কউকের নোটিশে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা ও প্রয়োজনীয় কাগজপত্র জমা না দিলে প্রচলিত আইন, বিধিবিধান ও সরকারি নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
