ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ
অনলাইন ডেস্ক
ইয়েমেনে তীব্র যুদ্ধ ও সহিংসতায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত গৃহহীন হয়ে পড়া মানুষের সংখ্যা ২ লাখ ১ হাজার ২১৭ জনে পৌঁছেছে।
জাতিসংঘের এই সহযোগী সংস্থাটি জানায়, গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়েও এই সংখ্যাটি ছিল ৭৬ হাজার। কিন্তু স্বল্প সময়ের ব্যবধানে এই সংখ্যা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। সংঘাত অব্যাহত থাকায় প্রতিদিনই নতুন করে বহু পরিবার বাস্তুচ্যুত হচ্ছে এবং তাদের মানবিক সংকট চরম রূপ নিচ্ছে। তবে চাহিদা অনুযায়ী সাহায্য কার্যক্রম পরিচালনা করার জন্য প্রয়োজনীয় তহবিল পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে সংস্থাটি।
আইওএম প্রধান অ্যামি পোপ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, মানুষ জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে, কিন্তু কোথাও নিজেদের নিরাপদ রাখতে পারছে না। এই মুহূর্তে তাদের মাথার ওপর মাথা গোঁজার ঠাঁই, প্রয়োজনীয় খাদ্য ও নিরাপত্তা জরুরি। আমাদের প্রতিনিধি দল মাঠপর্যায়ে প্রস্তুত থাকলেও আন্তর্জাতিক ফান্ড বা অর্থ সহায়তার চরম অভাব রয়েছে।
তিনি দ্রুত সাহায্য এগিয়ে আনার আহ্বান জানিয়ে বিশ্ব সম্প্রদায় ও দাতাগোষ্ঠীকে উদ্দেশ্য করে আরও বলেন, অর্থ সহায়তায় প্রতিটি দিনের বিলম্বের অর্থ হচ্ছে নতুন করে অমূল্য প্রাণের ক্ষতি। তাই এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
