ইরানের হাতে অত্যাধুনিক রুশ যুদ্ধবিমানের চালান, বড় সামরিক পদক্ষেপের ইঙ্গিত

অনলাইন ডেস্ক
ইরানের বিমান প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করতে রাশিয়া থেকে বিভিন্ন সিরিজের অত্যাধুনিক যুদ্ধবিমান সংগ্রহ করছে তেহরান। এরই অংশ হিসেবে রাশিয়ার তৈরি মিগ-২৯এস যুদ্ধবিমান ইরানে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিটির সদস্য আবোলফাজল জোহরেভান্দ।

মঙ্গলবার ইরানি সংবাদমাধ্যম দিদবান-এর বরাতে রুশ বার্তা সংস্থা তাস এ খবর প্রকাশ করে। জোহরেভান্দ জানান, নতুন এসব যুদ্ধবিমান বর্তমানে ইরানের শিরাজ ঘাঁটিতে অবস্থান করছে। তিনি মিগ-২৯এসকে ‘স্বল্পমেয়াদি সমাধান’ হিসেবে উল্লেখ করে বলেন, তেহরান বর্তমানে রাশিয়ার আরও উন্নত এসইউ-৩৫ যুদ্ধবিমান পাওয়ার অপেক্ষায় রয়েছে।

ইরানের সামরিক আধুনিকায়নের অংশ হিসেবে শুধু যুদ্ধবিমান নয়, দেশটি রাশিয়ার এস-৪০০ ও চীনের এইচকিউ-৯ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহের প্রক্রিয়াও শুরু করেছে বলে জানান তিনি। এসব বিষয়ে ‘যাবতীয় তৎপরতা প্রক্রিয়াধীন’ রয়েছে বলেও জানান জোহরেভান্দ।

এর মধ্য দিয়ে অনেকটাই স্পষ্ট যে, ইরান বড় সামরিক পদক্ষেপের দিকে এগিয়ে যাচ্ছে। যদিও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলে তাসের প্রতিবেদনে জানানো হয়েছে।

তথ্যসূত্র : তাস ও দ্য জেরুজালেম পোস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights