ইসরায়েলের ভূখণ্ড দখলের পরিকল্পনায় কাতারের তীব্র ক্ষোভ

অনলাইন ডেস্ক

দক্ষিণ লেবানন ও গাজা উপত্যকার অংশবিশেষ ইসরায়েলি ভূখণ্ডের সাথে যুক্ত করার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি এই অবস্থানকে ‘আন্তর্জাতিক আইনের প্রতি চরম অবমাননা’ হিসেবে আখ্যায়িত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের এমন বক্তব্য আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ স্বীকৃত প্রস্তাবসমূহের সুস্পষ্ট লঙ্ঘন। এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়কে নিজেদের দায়িত্ব স্মরণ করে তেল আবিবের এই ‘সম্প্রসারণবাদী পরিকল্পনা ও অবৈধ বসতি স্থাপন নীতি’ অবিলম্বে বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আকুল আহ্বান জানায় দোহা।

বিবৃতিতে ফিলিস্তিনি জনগোষ্ঠীর ন্যায্য অধিকারের প্রতি কাতারের অবিচল সমর্থনের কথা পুনরুল্লেখ করা হয়। এতে অবিলম্বে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটিয়ে ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি জানানো হয়। একই সঙ্গে লেবাননের ভূখণ্ড ও সার্বিক সার্বভৌমত্বের ওপর দেশটির পূর্ণ অধিকারের প্রতি দোহার সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights