এক ম্যাচ হাতে রেখে ভারতের বিপক্ষে সিরিজ জিতল অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক

এক ম্যাচ বাকী থাকতেই ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে দুই উইকেটে হারিয়েছে অজিরা। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৫ অক্টোবর সিডনিতে।

টস হেরে ব্যাট করতে নামা ভারত ৫০ ওভারে করে ৯ উইকেটে ২৬৪ রান। শুরুতে হাভিয়ের বার্টলেটের একই ওভারে শুবমান গিল (৯) ও বিরাট কোহলি (০) আউট হলে বিপদেই পড়েছিল ভারত। এর মধ্যে কোহলির শূন্য টানা দ্বিতীয়। ১৭ বছরের ওয়ানডে ক্যারিয়ারে কোহলি পরপর দুই ইনিংসে শূন্য রানে আউট এই প্রথম।

তবে কোহলির মতো রোহিত টানা দুই ম্যাচে ব্যর্থ হননি। প্রথম ওয়ানডেতে ৮ রানে আউট হওয়া সাবেক অধিনায়ক আজ ফিফটি করেছেন। তৃতীয় উইকেটে শ্রেয়াস আইয়ারকে নিয়ে ১১৮ রানের জুটি গড়ার পর যখন আউট হয়েছেন, নামের পাশে ৯৭ বলে ৭৩ রানের ইনিংস।

ফিফটি করেছেন আইয়ারও। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে তিনি করেছেন ৭৭ বলে ৬১ রান। এ ছাড়া শেষ দিকে ৪১ বলে ৪৪ রান করেন অক্ষর প্যাটেল।

রান তাড়ায় অস্ট্রেলিয়া এগিয়েছে জয়ের সম্ভাবনা জাগিয়ে রেখেই। ৫৪ রানের মধ্যে দুই ওপেনার মিচেল মার্শ ও ট্রাভিস হেড আউট হলেও তৃতীয় উইকেটে ম্যাথু শর্ট ও ম্যাট রেন শ ৫৫ রানের জুটিতে দলকে জয়ের পথে রাখেন। শর্ট ৭৮ বলে ৭৪ রান করে ফেরেন দলকে ১৮৭ রানে রেখে। বাকি কাজটা সারেন কনোলি।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৫০ ওভারে ২৬৪/৯ (রোহিত ৭৩, আইয়ার ৬১, অক্ষর ৪৪; জাম্পা ৪/৬০, বার্টলেট ৩/৩৯, স্টার্ক ২/৬২)।

অস্ট্রেলিয়া: ৪৬.২ ওভারে ২৬৫/৮ (শর্ট ৭৪, কনোলি ৬১*, ওয়েন ৩৬; সুন্দর ২/৩৭, অর্শদীপ ২/৪১)।

ফল: অস্ট্রেলিয়া ২ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: অ্যাডাম জাম্পা।

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ২–০ ব্যবধানে এগিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights