এলএনজি ব্যবসায় সিন্ডিকেটের নেপথ্যে নসরুল হামিদ

নিজস্ব প্রতিবেদক

দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ব্যবসার চক্র বা সিন্ডিকেট গড়ে ওঠে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মাধ্যমে। রহস্যজনকভাবে সরকার পতনের পরও বিপুর ঘনিষ্ঠ লোকেরাই পান এলএনজি সরবরাহের কাজ। এর মধ্যে আওয়ামী লীগঘনিষ্ঠ বিতর্কিত এজাজুর রহমানের সংশ্লিষ্টতাও রয়েছে। তাঁকে এ ব্যবসায় নিয়ে আসেন খোদ নসরুল হামিদ। অভিযোগ রয়েছে, অবৈধ কর্মকাণ্ডের জন্য বিশ্ববাজারে বিতর্কিত কয়েকটি কোম্পানিকে দেশে এলএনজি ব্যবসার সুযোগ করে দিয়েছে এ সিন্ডিকেট।

অনুসন্ধানে জানা যায়, খোলাবাজার বা স্পট মার্কেট থেকে এলএনজি কিনতে আওয়ামী লীগ সরকারের আমলে ঘুরেফিরে চারটি কোম্পানি তুলনামূলক বেশি কাজ পায়। এর মধে দুটি কোম্পানি ২০২৪ সালে সরকার পতনের পরও রহস্যজনকভাবে কাজ পেয়েছে। দেশে প্রথমবারের মতো এলএনজি আমদানি শুরু হয় ২০১৮-১৯ অর্থবছরে। প্রথমে দীর্ঘমেয়াদি চুক্তির অধীনে সরকারি পর্যায়ে (জিটুজি) আমদানি হয়। এর পাশাপাশি বেসরকারি পর্যায়ে খোলাবাজার থেকে আমদানি শুরু হয় ২০২০ সালে। সে সময় যে চারটি কোম্পানি বেশি কাজ পায় তার মধ্যে আছে সিঙ্গাপুরের ভিটল এশিয়া ও গানভর, সুইজারল্যান্ডের টোটাল এনার্জিস ও যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জি। এর মধ্যে ৬০ শতাংশের বেশি এলএনজি সরবরাহ করে ভিটল এশিয়া ও গানভর। এ দুটি কোম্পানির সঙ্গে নসরুল হামিদের পরিবারের সদস্য, বন্ধু ও পারিবারিক কোম্পানির ব্যবসায়িক সংশ্লিষ্টতা রয়েছে বলে একাধিক সূত্রে জানা যায়।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এলএনজি সরবরাহে কোনো কাজ পায়নি ভিটল এশিয়া। তবে ২০২৪ সালের অক্টোবরে দুটি করে চারটি এলএনজি কার্গো সরবরাহের কাজ পায় টোটাল ও গানভর। সংশ্লিষ্টরা বলছেন, ভিটল এশিয়া, গানভর ও টোটালের ব্যবসা নিয়ে আন্তর্জাতিক মহলে আগে থেকেই বিতর্ক আছে। বাংলাদেশে এলএনজি আমদানি শুরুর পরই এ কোম্পানিগুলো এখানে ব্যবসা শুরু করে; যার মধ্যে টোটালের ঢাকায় কার্যালয় থাকার কথা জানা যায়। আর ভিটল এশিয়া ও গানভরের স্থানীয় প্রতিনিধি হিসেবে এজাজুর রহমানের নাম এসেছে। তিনি ওকিইউ ট্রেডিংয়ের (ওমানের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি ওকিইউর একটি সহযোগী প্রতিষ্ঠান) স্থানীয় প্রতিনিধি।

দীর্ঘমেয়াদি দুটি চুক্তির (জিটুজি) আওতায় ওমানের ওকিইউ ট্রেডিং ও কাতার এনার্জি থেকে এলএনজি আমদানি করে বাংলাদেশ। এজাজুর রহমান দীর্ঘদিন ভিটল এশিয়ার সঙ্গে যুুক্ত হয়ে সরকারকে জ্বালানি তেল সরবরাহ করে আসছেন। এজাজুর রহমানকে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ এলএনজি ব্যবসায় যুক্ত করেন বলে অভিযোগ করেছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। গানভর, ভিটল ও টোটাল বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা করে। এর মধ্যে গানভর ও ভিটলের সিঙ্গাপুরের নিবন্ধিত কোম্পানি থেকে এলএনজি আমদানি করে বাংলাদেশ। খোঁজ নিয়ে জানা যায়, যুক্তরাষ্ট্রের ফরেন করাপ্ট পলিসিস অ্যাক্ট লঙ্ঘনের দায়ে বিভিন্ন সময় শাস্তির মুখোমুখি হয়েছে ভিটল, গানভর ও টোটাল। ব্রাজিল, ইকুয়েডর ও মেক্সিকোয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়ে কাজ নেওয়ার দায়ে ২০২০ সালে যুক্তরাষ্ট্রে বড় রকমের জরিমানা দিতে হয়েছিল ভিটলকে। আর ইকুয়েডরে ঘুষ দিয়ে কাজ নিয়েছিল গানভর। এজন্য তাদের ৬৬ কোটি ডলার জরিমানা করে যুক্তরাষ্ট্র। একই অপরাধে টোটালেরও ২০১৩ সালে ১৩ কোটি ডলার জরিমানা হয় যুক্তরাষ্ট্রে।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) নির্দেশনায় দেশে এলএনজি আমদানির কাজ করে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল)। সংস্থা দুটির দায়িত্বশীল সূত্র জানায়, এজাজুরের বাণিজ্যিক কার্যালয়টি রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলার প্রধান কার্যালয় পেট্রো সেন্টারের বিপরীতে অবস্থিত একটি ভবনে। এ বিষয়ে কথা বলতে ফোনে ও হোয়াটসঅ্যাপে কল দিয়েও এজাজুরকে পাওয়া যায়নি। দেশে খোলাবাজার থেকে এলএনজি আমদানি করতে তালিকাভুক্ত কোম্পানি আছে ২৩টি। কিন্তু এ তালিকা এমনভাবে তৈরি করা হয়েছে যে শুরুতে তালিকায় থাকা অনেকেই দরপত্রে অংশ নিতেন না। সে সময় কেউ কেউ অংশ নিলেও শেষের দিকে তারা সরে যান। বিভিন্ন কোম্পানির ধারণা ছিল দরপত্রে অংশ নিলেও তারা কাজ পাবে না। বরং নসরুল হামিদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোই কাজ পাবে। দরপত্রের তথ্য অনুসন্ধান করেও এর সত্যতা পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর জ্বালানি সরবরাহ সংকট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সুযোগ কাজে লাগিয়ে প্রতিযোগিতামূলক দরপত্রের বাইরে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) এলএনজি কেনাকাটার পরিধি বাড়ানোর চেষ্টা চলছে। এতে আমদানির আড়ালে কমিশন বাণিজ্যের সুযোগ সৃষ্টি হয়েছে। অতীতে এলএনজি ও জ্বালানি তেল আমদানি কেন্দ্র করে গড়ে ওঠা আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠান, স্থানীয় মধ্যস্বত্বভোগী ও প্রভাবশালী মহলের একটি চক্র আবারও এ সংকট পুঁজি করে সরকারকে বেকায়দায় ফেলতে তৎপরতা চালাচ্ছে। দেশে আমদানীকৃত প্রতি কার্গো এলএনজিতে সাধারণত ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ (মেট্রিক মিলিয়ন ব্রিটিশ থারমাল ইউনিট) গ্যাস থাকে; যার বর্তমান বাজারদর অনুযায়ী ব্যয় পড়ে প্রায় ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২৩০ কোটি টাকা। প্রতি কার্গোয় একটি সংঘবদ্ধ চক্র ১৮ থেকে ২০ মিলিয়ন ডলার পর্যন্ত (২২৫ থেকে প্রায় ২৫০ কোটি টাকা) কমিশন হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। আর এ খাতের পুরোনো সিন্ডিকেটের পকেটেই ঢুকছে এ অর্থ। সরকার পরিবর্তনের পর এসব অনিয়ম তদন্তের প্রত্যাশা করা হলেও এলএনজি আমদানিতে পুরোনো সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর প্রভাব এখনো রয়ে গেছে।

গত সেপ্টেম্বরে সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়ার কাছ থেকে প্রতি এমএমবিটিইউ ২৯.৭৯৫ ডলারে এবং যুক্তরাষ্ট্রের টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে ২৮.৯৫ ডলারে আরেকটি কার্গো কেনার অনুমোদন দেওয়া হয়। সর্বশেষ, ২০২৭ সালের জন্য গত ১২ নভেম্বর ওমানের ওকিউটির সঙ্গে বিদ্যমান চুক্তির আওতায় তিন কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রংয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

২০২০ থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত স্পট মার্কেট থেকে ১৩০ কার্গো এলএনজি আমদানি করা হয়। এর মধ্যে ৪০ কার্গো সরবরাহ করে ভিটল এশিয়া পিটিই সিঙ্গাপুর। ভিটলের সঙ্গে নসরুল হামিদের যোগসূত্রতা খুঁজতে গিয়ে জানা যায়, ২০১৯ সালে পাওয়ারকো ইন্টারন্যাশনাল নামে ঢাকায় একটি কোম্পানি নিবন্ধিত হয়। এ কোম্পানির ওয়েসসাইটে বলা হয়, পাওয়ারকো এলপিজি ও এলএনজি সরবরাহ এবং বিদ্যুৎ খাতে ব্যবসা করে। সিঙ্গাপুরেও তাদের একটি বাণিজ্যিক কার্যালয় আছে। ভিটল এশিয়ার সঙ্গে তাদের অংশীদারি আছে।

যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধন পরিদপ্তর সূত্রে জানা যায়, মো. কামরুজ্জামান চৌধুরী ও ভারতীয় নাগরিক নাবিল খানের অংশীদারিতে পাওয়ারকো নিবন্ধন নেয়। কামরুজ্জামান নসরুল হামিদের মামা। ২০২০ সালের ডিসেম্বরে কামরুজ্জামানকে সরিয়ে কোম্পানির অংশীদারিতে আনা হয় মো. মুরাদ হাসানকে। মূলত আত্মীয়তার সম্পর্ক থাকায় বিতর্ক এড়াতে কামরুজ্জামানকে সরানো হয়। আর নাবিল খান হলেন নসরুল হামিদের বন্ধু। অন্যদিকে মুরাদ হাসান নসরুল হামিদের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান হামিদ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে হামিদ গ্রুপের ব্যবসা নিজেই দেখতেন নসরুল হামিদ। এরপর তিনি তাঁর ছোট ভাই ইন্তেখাবুল হামিদকে ব্যবস্থাপনা পরিচালক করেন। এলএনজির ব্যবসায় এজাজুরের সঙ্গে ইন্তেখাবুলের যুক্ত থাকার অভিযোগ আছে। জানা যায়, বর্তমানে কামরুজ্জামান, নাবিল খান, মুরাদ হাসান ও ইন্তেখাবুল আত্মগোপনে আছেন। এ বিষয়ে জানতে তাঁদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

বাংলাদেশে এলপিজি টার্মিনালের কাজ পেতে ভিটল এশিয়া, জাপানের মারুবেনি করপোরেশন ও পাওয়ারকো মিলে একটি যৌথ কনসোর্টিয়াম গড়ে তোলে। টার্মিনাল নির্মাণে তাদের সঙ্গে ২০২১ সালের মার্চে একটি সমঝোতা স্মারকও সই করেছিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। টার্মিনাল প্রকল্পের জন্য ২০২২-২৩ অর্থবছরে পরামর্শক নিয়োগ করে বিপিসি। এর সম্ভাব্যতাও যাচাই করার কথা ছিল। এখন এর কাজ থেমে আছে। অভিযোগের বিষয়ে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তিনি এখন আত্মগোপনে আছেন।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সিনিয়র সহসভাপতি এস এম নাজের হোসাইন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘এলএনজি আমদানিতে যাঁরা সিন্ডিকেট ও অনিয়মের সঙ্গে যুক্ত, সরকার পরিবর্তনের সঙ্গে তাঁদের শুধু পোশাকের পরিবর্তন হয়েছে। কিন্তু এ সিন্ডকেটের ব্যবস্থাপনা ও প্রক্রিয়া সব একই আছে। এলএনজি আমদানিতে অনেক ধরনের সমস্যার কথা বারবার শুনে আসছি। তার পরেও এলএনজি আমদানির ব্যবস্থাপনার কোনো পরিবর্তন হয়নি। এজন্য এলএনজি আমদানির ক্ষেত্রে অপরাধের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। এ ক্ষেত্রে যে কমিশন বাণিজ্য ও ঘুষের প্রচলন ছিল তা তিন গুণ বেড়েছে। এ অবস্থা চলমান থাকলে অর্থ পাচারের ক্ষেত্রে যে ঝুঁকি আছে তা অব্যাহত থাকবে। এসব থেকে বেরোতে এলএনজির পরিবর্তে দেশি গ্যাস অনুসন্ধান ও নবায়নযোগ্য জ্বালানির প্রসারে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি না করে জিটুজি পদ্ধতিতে আমদানি করা হলে অনিয়মের মাত্রা কমবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights