কানাডা ও মেক্সিকোকে নতুন করে বিপাকে ফেললেন ট্রাম্প!

কানাডা ও মেক্সিকোর অ্যালুমিনিয়াম এবং ইস্পাতজাত পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দুই পণ্যেও এখন থেকে বাড়তি ২৫ শতাংশ শুল্ক নিয়ে আমদানির অনুমতি দেবে আমেরিকা। এর মধ্য দিয়ে দুই প্রতিবেশিকে আরও বিপাকে ফেলে দিলেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, এই নতুন শুল্কের বিষয়ে স্থানীয় সময় সোমবার আনুষ্ঠানিক ঘোষণা করবে হোয়াইট হাউস। তাৎপর্যপূর্ণভাবে কানাডা হল আমেরিকার ইস্পাত আমদানির সবচেয়ে বড় উৎস। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও হিসাবটা অনেকটা তেমনই। উভয় ক্ষেত্রেই তালিকায় দ্বিতীয় মেক্সিকো।

দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্টের মসনদে বসার পর থেকেই একে একে শুল্ক আরোপের ঘোষণা করেছেন ট্রাম্প। কানাডা ও মেক্সিকো আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সঙ্গী। দুই দেশের উপরেই ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছিলেন ট্রাম্প। পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিল প্রতিবেশিরাও। পরে ওই শুল্ক আরোপের সিদ্ধান্ত পিছিয়ে দেওয়া হয়। কিন্তু অ্যালুমিনিয়াম এবং ইস্পাতের উপর শুল্ক চাপিয়ে পরোক্ষভাবে দুই প্রতিবেশিকে বিপদে ফেলতে চাইলেন ট্রাম্প।

রবিবার নিউ অরল্যান্সে যাওয়ার পথে বিমানে কিছু সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, আমেরিকায় সমস্ত ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যের আমদানিতে ২৫ শতাংশ শুল্ক নেওয়া হবে। সোমবার হোয়াইট হাউস থেকে এই ঘোষণা করা হবে। এমনিতে এই সমস্ত ধাতুর আমদানিতে কিছু শুল্ক আগে থেকেই ছিল। তার উপরে বাড়তি ২৫ শতাংশ শুল্ক আরোপিত হবে। চলতি সপ্তাহে আরও কিছু শুল্ক আরোপের কথা ঘোষণা করবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার বক্তব্য, যে সমস্ত দেশ আমেরিকার থেকে চড়া হারে শুল্ক নেবে, তাদের উপরে আমেরিকাও শুল্ক চাপাবে। বাণিজ্যনীতিতে এভাবে ‘সমতা’ আনতে চান ট্রাম্প।

পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমেরিকা সবচেয়ে বেশি আমদানি করেছিল কানাডা থেকে। দ্বিতীয় স্থানে ছিল মেক্সিকো। এছাড়াও এই পণ্য আমদানি করা হয় ব্রাজিল, দক্ষিণ কোরিয়া এবং ভিয়েতনামের থেকে।

গত সপ্তাহে কানাডা এবং মেক্সিকোর উপর শুল্ক আরোপ করে ট্রাম্প জানিয়েছিলেন, ওই দুই দেশ থেকে অবৈধভাবে প্রচুর মানুষ আমেরিকায় ঢুকে পড়ে। তারা সীমান্ত সুরক্ষিত নাকরলে এবং অবৈধ অভিবাসীদের না আটকালে শুল্ক জারি থাকবে। কানাডাও পাল্টা ২৫ শতাংশ শুল্ক আমেরিকার পণ্যের উপর চাপানোর কথা ঘোষণা করে। কর চাপানোর হুঁশিয়ারি দেয় মেক্সিকোও। পরে বিতর্কের মাঝে হোয়াইট হাউস জানায়, আপাতত কানাডা-মেক্সিকোর কাছ থেকে বাড়তি শুল্ক নেওয়া হচ্ছে না। সীমান্তের বিষয়ে অবশ্য দুই দেশই আমেরিকাকে আশ্বস্ত করেছে। সূত্র: রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights