কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ল্যাবে চুরি, ২ প্রহরী গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার ল্যাব থেকে প্রায় ৮ লাখ টাকা মূল্যের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় করা মামলায় প্রতিষ্ঠানের দুই নৈশপ্রহরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৫ নভেম্বর তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গত ১৩ নভেম্বর দিবাগত রাত থেকে ১৪ নভেম্বর ভোরের মধ্যে উপজেলার বারপাড়া ইউনিয়নের ইছাপুর এলাকায় অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ চুরির ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর বিকেলে কেন্দ্রের দরজা-জানালা বন্ধ করে শিক্ষক-কর্মচারীরা বাড়িতে চলে যান। ওই সময় নিরাপত্তার দায়িত্বে ছিলেন দুই নৈশপ্রহরী। ১৪ নভেম্বর সকাল ৯টার দিকে কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ার হোসেনসহ অন্য শিক্ষকরা প্রতিষ্ঠানে গিয়ে কম্পিউটার ল্যাবের দরজা খোলা দেখতে পান। পরে ল্যাব থেকে বিভিন্ন যন্ত্রাংশ চুরির বিষয়টি তাঁদের নজরে আসে।

চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে ২৭টি এসএসডি, ২৭টি র‍্যাম, ২১টি গ্রাফিকস কার্ডসহ বিভিন্ন কম্পিউটার যন্ত্রাংশ। এসব সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা।

এ ঘটনায় কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় মামলা করেন। মামলায় কেন্দ্রের দুই নৈশপ্রহরী মো. ইয়াছিন আরাফাত (২৫) ও মো. আনোয়ার হোসেনকে (৫০) আসামি করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করেছেন।

সরকারি প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার ল্যাব থেকে বিপুল পরিমাণ সরঞ্জাম চুরির ঘটনায় প্রতিষ্ঠানের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্তে বেরিয়ে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights