কিশোরকে আটকে রেখে নির্যাতন, গ্রেফতার ৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায়ে আব্দুর রাজ্জাক (১৭) নামের এক কিশোরকে আটকে রেখে নির্যাতন করার ঘটনায় ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় অপহৃত কিশোর আব্দুর রাজ্জাককে। উদ্ধার হওয়া আব্দুর রাজ্জাক পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার চর মন্তাজের মোঃ জলিল খলিফার ছেলে।

গ্রেফতারকৃতরা হলো পটুয়াখালী জেলার গলাচিপার শহিদুলের পুত্র আরুস হাওলাদার(১৯), নাছির মৃধার পুত্র ইমন(১৮), একই জেলার রাঙ্গাবালী থানার মিলন প্যাদার পুত্র সালমান(১৭), গলাচিপা থানার জহুরুল ডাক্তারের পুত্র জিহান(১৯), ভোলা জেলার চরফ্যাশন থানার কবিরের পুত্র সজীব(১৯) ও একই থানার আইয়ুব আলীর পুত্র রায়হান(১৮)। তারা সকলেই পাগলা এলাকায় বসবাস করে। শনিবার রাত সাড়ে ১১ টার দিকে তাদের কে ফতুল্লা মডেল থানার পাগলা প্রাপ্তি সিটির ভিতর থেকে গ্রেফতার সহ অপহৃত কিশোর কে উদ্ধার করে। এ ঘটনায় অপহৃত কিশোর আব্দুর রাজ্জাকের বড় ভাই মো. সজিব বাদী(২১) হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, গ্রেফতারকৃত আসামিরা আব্দুর রাজ্জাককে আট করে তার বাবাকে ফোন করে মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করে। অন্যথায় রাজ্জাককে মারধর হত্যা করা হবে বলে হুমকি প্রদান করে। ঘটনা জানতে পেরে বাদী ৪ হাজার টাকা গ্রেফতারকৃতদের হাতে তুলে দেয়। বাদী পরে জরুরী সেবা-৯৯৯ এ ফোন দিলে ফতুল্লা মডেল থানার এস আই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনাস্থল নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে অপহৃত আব্দুর রাজ্জাককে উদ্ধারসহ গ্রেফতার করে মুক্তিপন চাওয়া ছয় আসামিকে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আজম মিয়া জানান, বিষয়টি জানতে পেরে তথ্য প্রযুক্তির মাধ্যমে চক্রটির অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ আটকে রাখা আব্দুর রাজ্জাককে ও উদ্ধার করা হয়। এ বিষয়ে মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights