কৃষকের আঙিনায় নবান্নের ঘ্রাণ
নজরুল মৃধা, রংপুর
ঋতু চক্রের পরিক্রমায় হেমন্তকালের অগ্রহায়ণ মাসের যাত্রা শুরু আজ। পয়লা অগ্রহায়ণ ঘিরে নবান্নের ঘ্রাণে ভরে ওঠে কৃষকের আঙিনা। উত্তরাঞ্চলে কৃষকদের ঘরে ঘরে আমন ধান কাটা ও মাড়াই চলছে পুরোদমে। গ্রামীণ জীবন থেকে নবান্ন উৎসব হারিয়ে যেতে বসলেও অনেকে বাপ-দাদার ঐতিহ্য ধরে রাখাার চেষ্টা করছেন। প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই ভালোভাবে ফসল ঘরে তুলতে পারায় কৃষকরা বেজায় খুশি।
রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের কৃষক নজরুল ইসলাম জানালেন, ১০ বছর আগেও ধুমধাম করে পয়লা অগ্রহায়ণে তিনি নবান্ন উদ্্যাপন করতেন। নবান্নে তিনি আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবকে নিমন্ত্রণ করে খাওয়াতেন। তিনি জানান, বাড়ির কর্তা হিসেবে তাঁর বাবা দুই দিন আগে সকালবেলা গোসল সেরে পবিত্র হয়ে বাঁ-হাত দিয়ে এক মুঠি ধান কর্তন করে নবান্নের আনুষ্ঠানিকতা শুরু করতেন। বেশ কয়েক বছর থেকে তাঁর বাড়িতে এসব অনুষ্ঠান অনুপস্থিত। তবে অগ্রহায়ণের প্রথম দিন নতুন ধানের পিঠা-পায়েশ বানিয়ে আত্মীয়স্বজনকে খাওয়ান।
ইতিহাস লেখক জুবায়ের আলী জুয়েল বলেন, গ্রামগঞ্জে আবহমানকাল ধরে নবান্ন উৎসব অত্যন্ত উৎসবমুখর পরিবেশে উদ্্যাপিত হয়ে এলেও বর্তমান আধুনিকতার ছোঁয়ায় এই উৎসবে ভাটা পড়েছে। তবে শহরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনে নবান্ন উৎসব উদ্যাপন করে।
