খাগড়াছড়িতে মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ
খাগড়াছড়ি প্রতিনিধি:
হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় খাগড়াছড়ির মানিকছড়িতে তিন দিনব্যাপী (৫-৭ অক্টোবর) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মাছের পোনা পরিবহন, নার্সারি ব্যবস্থাপনা, হালদা নদীর গুরুত্ব, জীববৈচিত্র্য রক্ষা ও মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ এবং প্রশিক্ষণের অংশ হিসেবে জেলা মৎস্যবীজ উৎপাদন খামারে মাঠ পরিদর্শন করা হয়েছে।
উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বুধবার খাগড়াছড়ি জেলা মৎস্য ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী দিনে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ ও সিনিয়র সহকারী পরিচালক ড. সুমন বড়ুয়া।
এর আগে গত সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া। প্রশিক্ষণে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, রামগড় উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন, জেলা মৎস্যবীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক শরৎ কুমার ত্রিপুরা ও উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মিলন কৃষ্ণ চাকমা প্রশিক্ষণ প্রদান করেন। এতে উপজেলার প্রান্তিক পর্যায়ের ২৫ জন উদ্যোগী মৎস্যচাষি অংশ নেন।
প্রশিক্ষণে আদর্শ পুকুর ব্যবস্থাপনা, পোনা পরিবহন পদ্ধতি, নার্সারি ব্যবস্থাপনা, হালদা নদীর গুরুত্ব, জীববৈচিত্র্য রক্ষায় হালদার উজানের বাসিন্দাদের করণীয় ও বিভিন্ন জাতের মাছ চাষ বিষয়ে চাষিদের ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণের অংশ হিসেবে জেলা মৎস্যবীজ উৎপাদন খামারে মৎস্য হ্যাচারীসহ বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করেন প্রশিক্ষনার্থীরা।
