গুজব ও উসকানি প্রতিরোধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

অনলাইন ডেস্ক

সামাজিক সম্প্রীতি রক্ষা, ধর্মীয় উসকানি ও গুজব প্রতিরোধ এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীতে “সামাজিক সম্প্রীতির পথে: সহিংসতামুক্ত সমাজ” শীর্ষক একটি সচেতনতামূলক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় শুভসংঘ রাজশাহী জেলা শাখার উদ্যোগে শাহমখদুম কলেজ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজশাহীর প্রায় ৩০টি সামাজিক ও যুব সংগঠনের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক কর্মী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বসুন্ধরা শুভসংঘ রাজশাহী জেলা শাখার সভাপতি মো. জুলফিকার আলী হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি চিফ ভেটেরিনারি অফিসার ড. মো. হেমায়াতুল ইসলাম আরিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।

প্রধান আলোচকের বক্তব্যে ড. মো. হেমায়াতুল ইসলাম আরিফ বলেন, সামাজিক সম্প্রীতি বজায় রাখতে হলে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও দায়িত্বশীল নাগরিক আচরণের বিকল্প নেই। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো খবর বা তথ্য প্রকাশের আগে সত্যতা যাচাই করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মো. জুলফিকার আলী হায়দার বলেন, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষার দায়িত্ব কেবল কোনো নির্দিষ্ট সম্প্রদায় বা প্রতিষ্ঠানের নয়, বরং সমাজের প্রতিটি মানুষের। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার পর প্রতিক্রিয়া জানানোর চেয়ে আগে থেকে সচেতনতা তৈরি করা বেশি জরুরি। ধর্ম যার যার, কিন্তু নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থান সবার মৌলিক অধিকার।

সভায় বক্তারা বলেন, আসন্ন বা চলমান ধর্মীয় উৎসবগুলোকে কেন্দ্র করে কোনো ধরনের অপতথ্য বা উসকানি যাতে সামাজিক উত্তেজনায় রূপ না নেয়, সে বিষয়ে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অনলাইন ও অফলাইনে যেকোনো ধরনের বিদ্বেষমূলক বক্তব্য মোকাবিলায় তরুণদের অগ্রণী ভূমিকা পালনের ওপর জোর দেন তারা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক কর্মী ওয়ালিউর রহমান বাবু, বোসপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতাউর হোসাইন, রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাশিকুজ্জামান প্রিতম, আদিবাসী যুব পরিষদের সাধারণ সম্পাদক সাবিত্রী হেমরম, শুভসংঘ বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কায়সার সামি এবং রাজশাহী কলেজ শুভসংঘের সহ-সভাপতি প্রীতি চৌধুরী।

এছাড়াও শুভসংঘ জেলা শাখার সাধারণ সম্পাদক সুমাইয়া হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুজ্জামান সবুজ, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ আহমেদ সাজিদ ও ফারহানা সুলতানা প্রিয়া, দপ্তর সম্পাদক এস এম আলফাজ নয়ন, অর্থ সম্পাদক তাহসিন শেখ এবং কার্যনির্বাহী সদস্য আকাশ মজুমদার সহ সংগঠনের বিপুলসংখ্যক কর্মী উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সামাজিক বিভাজন ও বিদ্বেষ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে ভবিষ্যতেও রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক পরিসরে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights