গোপালগঞ্জকে ঢাল বানিয়ে শেখ হাসিনাকে ফেরানো যাবে না: নিপুণ রায়

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

গোপালগঞ্জকে ঢাল বানিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে না বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।

সোমবার (১৬ নভেম্বর) সকালে দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মোটরসাইকেল শোভাযাত্রা শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। দেশবিরোধী ষড়যন্ত্র, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চোরাগোপ্তা হামলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।

কেরানীগঞ্জের কদমতলী থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড হয়ে ঢাকা-মাওয়া মহাসড়ক প্রদক্ষিণ করে হাসনাবাদ এলাকায় গিয়ে এটি শেষ হয়।

নিপুণ রায় চৌধুরী বলেন, ‘আওয়ামী সন্ত্রাসীরা যদি মনে করে গোপালগঞ্জকে জিম্মি করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে, তাহলে তারা ভুল করছে। গোপালগঞ্জকে ঢাল বানিয়ে শেখ হাসিনাকে ফেরানো যাবে না।’

তিনি আরও বলেন, ‘হাসিনা নব্য কোনো ফ্যাসিস্ট নন, তাঁর বাবাও ছিলেন ফ্যাসিস্ট। শেখ মুজিব বহুদলীয় গণতন্ত্র ধ্বংস করে বাকশাল কায়েম করেছিলেন। তখন মানুষের বাক্‌স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা ছিল না। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল বিলুপ্ত করে দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন।’

নিপুণ রায় বলেন, আওয়ামী লীগ একটি জঙ্গি ও সন্ত্রাসী দল—তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তা আবারও প্রমাণিত হয়েছে। জনগণের পাশে থাকতে এবং সরকারকে সার্বিক সহযোগিতা করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে থাকবেন। মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সন্ত্রাস ও প্রতিপক্ষের অপতৎপরতা মোকাবিলা করা হবে। এটাই হোক তাঁদের শপথ।

মোটরসাইকেল শোভাযাত্রায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights