ঘুষ দাবি, টাকাসহ সার্ভেয়ার আটক

নিজস্ব প্রতিবেদক

জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করার অভিযোগে রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের এক সার্ভেয়ারকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সংস্থাটির ঢাকা জেলা কার্যালয়-১-এর একটি বিশেষ দল ফাঁদ অভিযান চালিয়ে মোহাম্মদ আসাদুল ইসলাম নামে ওই সার্ভেয়ারকে ১ লাখ টাকা ঘুষ গ্রহণের সময় আটক করা হয়েছে।

দুদকের অভিযানের নথি অনুযায়ী, দীর্ঘদিন ধরে জমির সীমানা নির্ধারণের কাজ আটকে রেখে পরে সীমানা নির্ধারণ ও নামজারি সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দিয়ে ঘুষ দাবি করেন ওই কর্মকর্তা। অভিযোগকারীর সঙ্গে দর-কষাকষির একপর্যায়ে প্রথম কিস্তি হিসেবে ১ লাখ টাকা গ্রহণের সময় তাকে আটক করা হয়। অবসরপ্রাপ্ত সৈনিক মনিরুল ইসলাম ঢাকার লালবাগের চর-কামরাঙ্গী মৌজার বিভিন্ন দাগে অবস্থিত মোট ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করেন। জমিগুলোর সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির সীমানা পৃথক করা এবং স্কেচম্যাপ তৈরির জন্য চলতি বছরের ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদন করেন।

এরপর জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট রাজস্ব কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়। কিন্তু প্রায় ছয় মাস ধরে লালবাগ রাজস্ব সার্কেলে একাধিকবার যোগাযোগ করেও জমির সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন করাতে পারেননি মনিরুল ইসলাম।

একপর্যায়ে তাকে ওই কার্যালয়ের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।

দুদকের নথি অনুযায়ী, গত ১৩ অক্টোবর আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন মনিরুল ইসলাম। এ সময় জমির সীমানা নির্ধারণ ও নামজারির কাজ সম্পন্ন করার বিষয়ে কথা হয়। কাজটি করে দেওয়ার বিনিময়ে সার্ভেয়ার ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন। পরে বিষয়টি দুদককে জানান মনিরুল ইসলাম। ঘুষের টাকা নিয়ে দর-কষাকষির একপর্যায়ে আসাদুল ইসলাম প্রথমে টাকা গ্রহণে সম্মত হন। পরে কাজ সম্পন্ন হওয়ার আগে আংশিক টাকা এবং বাকি টাকা কাজের অগ্রগতির সঙ্গে পরিশোধের বিষয়ে কথা হয়। অভিযোগকারী ঘুষের টাকা কমানোর অনুরোধ জানালে প্রথম কিস্তি হিসেবে ১ লাখ টাকা দিতে বলা হয়।

এ ঘটনায় দুদকের ঢাকা জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক মো. মাহাবুব মোর্শেদের নেতৃত্বে একটি বিশেষ দল ফাঁদ অভিযানের পরিকল্পনা করে। কমিশনের অনুমোদন ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গতকাল লালবাগ রাজস্ব সার্কেলে অভিযান চালানো হয়। বেলা ১১টায় সার্ভেয়ারের নির্ধারিত কক্ষে যান অভিযোগকারী। সেখানে আসাদুল ইসলামের কাছে ১ লাখ টাকা তুলে দেন তিনি। এ সময় দুদকের ফাঁদ দলের সদস্যরা আশপাশে অবস্থান করছিলেন। টাকা গ্রহণের পরপরই তাকে হাতেনাতে আটক করা হয়। দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম জানান, ঘুষ গ্রহণের সময় হাতেনাতে আটক হওয়া সার্ভেয়ারকে আটকের পর মামলা হয়েছে। পরে আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights