চকরিয়ায় আগুনে পুড়ে ছাই ৫ বাড়ি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে ৫টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ভোররাত চারটার দিকে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড হাজি পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ৫ বাড়ির ১৩ পরিবারের লোকজন এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে।

পুড়ে যাওয়া বাড়ির মালিক নুরুল ইসলাম জানান, ভোররাতে হঠাৎ চিৎকার শুরু হলে দেখা যায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ছে। পাশাপাশি হওয়ায় ৫টি বাড়ি আগুনে পুড়ে যায়। তবে শিশু-নারী-পুরুষ কেউ আহত হয়নি।

ক্ষতিগ্রস্ত দলিলুর রহমান নামে এক বৃদ্ধ বলেন, আগুনে আমার সব কিছু পুড়ে গেছে। আর কিছুই রইল না।
পূর্ব বড় ভেওলা ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য হারুনুর রশীদ বলেন, আবুল কাশেম মাঝির বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরপর লাগোয়া ৫টি বাড়ি মুহূর্তে পুড়ে ছাই হয়ে যায়। এই ৫ বাড়িতে যৌথভাবে ১৩ পরিবার বসবাস করতো।

চকরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ঢেউটিন ও নগদ টাকা সহায়তা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights