চবিতে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ উপহার দিল বসুন্ধরা শুভসংঘ
অনলাইন ডেস্ক
সুবিধাবঞ্চিত ও পথশিশুদের পড়াশোনায় উৎসাহিত করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষা উপকরণ উপহার দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্টেশনসংলগ্ন ‘এক টাকায় শিক্ষা’র পাঠকক্ষে অর্ধশতাধিক শিশুর হাতে খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেন সংগঠনটির সদস্যরা।
শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো, পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করা এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষা উপকরণ পেয়ে শিশুদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জান্নাতুল ফেরদৌস টুম্পা। তিনি বলেন, ‘পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো থেকে বঞ্চিত রাখা আমাদের সমাজের জন্য বড় ক্ষতির কারণ। নতুন খাতা-কলম পেয়ে তাদের মুখের হাসি আমাদের কাজ করার বড় অনুপ্রেরণা জোগায়। ভবিষ্যতেও আমরা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখব, যাতে কোনো শিশু পিছিয়ে না থাকে।’
সংগঠনটির সাধারণ সম্পাদক শাহরিয়ার মুনিম সাবিত বলেন, ‘শিক্ষা জাতির মেরুদণ্ড। এই শিক্ষার আলো থেকে একজন মানুষ বঞ্চিত হওয়া মানে দেশ ও জাতির ভবিষ্যতের জন্য অশনিসংকেত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সবার শিক্ষার অধিকার নিশ্চিত করতে কাজ করা আমাদের দায়িত্ব। সেই জায়গা থেকে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার যাত্রায় কিছুটা হলেও সহযোগিতা করাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। যাঁরা অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজন সফল করেছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আগামী দিনগুলোতেও সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে শুভসংঘের মানবসেবামূলক কার্যক্রম আরও জোরালোভাবে পরিচালিত হবে।’
যুগ্ম সাধারণ সম্পাদক কামেলী জান্নাত বলেন, ‘শিশুদের ঝরে পড়া রোধ করতে এবং পড়াশোনার প্রতি ভালোবাসা তৈরি করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আজকের এই উপহারগুলো তাদের মনে শিক্ষার আলো জ্বালাতে সাহায্য করবে বলে আমাদের বিশ্বাস।’
সহসাংগঠনিক সম্পাদক শুভ আলী বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটাতে পেরে আমরা আনন্দিত। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই উদ্যোগ সফল হয়েছে। আগামীতেও আমাদের এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’
কর্মসূচিতে সহযোগিতা করা ‘এক টাকায় শিক্ষা’ সংগঠনটি ২০১৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর উদ্যোগে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠাতা মোহাম্মদ রিজুয়ান ও তাঁর সহযোদ্ধাদের হাত ধরে গড়ে ওঠা অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠনটির লক্ষ্য সুবিধাবঞ্চিত ও পথশিশুদের শিক্ষার সুযোগ বাড়ানো। সাধারণ মানুষের কাছ থেকে দৈনিক বা মাসিক ভিত্তিতে এক টাকা করে অনুদান সংগ্রহ করে শিশুদের খাতা, কলম, বইসহ শিক্ষা উপকরণ এবং স্কুলের খরচ জোগাতে কাজ করে সংগঠনটি।
‘এক টাকায় শিক্ষা’র ক্লাসরুম কো-ইনচার্জ আফতাব উদ্দিন বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে শিশুদের খাতা, কলম, স্কেল ও চকলেট বিতরণ করায় আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এ উদ্যোগ শিশুদের পড়াশোনায় অনুপ্রেরণা জোগানোর পাশাপাশি শিক্ষার প্রসারে সহায়ক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এভাবে শিশুদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাই।’
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ চবি শাখার সহনারীবিষয়ক সম্পাদক সুমাইয়া চৌধুরী, সহশিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক আরিয়ান জাকারিয়া, সদস্য মেহেদী হাসান জিকু, মামুনুর রশিদ, মুক্তা খাতুন ও ইয়ামিন। এ ছাড়া উপস্থিত ছিলেন ‘এক টাকায় শিক্ষা’র শিক্ষক প্রদীপ্তা সরকার প্রমি, অন্যান্য শিক্ষক, শুভসংঘের দায়িত্বশীল সদস্য ও স্বেচ্ছাসেবকেরা।
