জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন সেমিনার অনুষ্ঠিত
জবি প্রতিনিধিঃ
উচ্চশিক্ষার সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের কার্যকর সংযোগ স্থাপন, শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন-২০২৬’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা ধারণ করে; তা বাস্তবায়নে সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে, তা অত্যন্ত বাস্তবমুখী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ বিনির্মাণে এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে। উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের কর্মসংস্থান ও চাকরির পরীক্ষায় প্রস্তুত করে তুলতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) সঙ্গে আবাসিক প্রশিক্ষণ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা, স্বীকৃতি ও আন্তর্জাতিক পর্যায়ে সুযোগ সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠিত করে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রম জোরদার এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও বিদেশি মিশনের সঙ্গে সংযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন ও বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত এবং অন্যান্য প্রয়োজন পূরণে সরকারের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অপ্রাপ্তি ও সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সকলকে গঠনমূলক কাজে সহযোগিতা এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। উপাচার্য বলেন, অযথা বিভাজন, ষড়যন্ত্র ও অসহযোগিতা বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। বরং পারস্পরিক সহযোগিতা, ইতিবাচক মনোভাব ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় এবং দেশকে এগিয়ে নিতে হবে। ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রত্যয় ধারণ করে সবার আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ ও ভবিষ্যৎ বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মূল আকাঙ্ক্ষা ছিল বেকারত্ব দূরীকরণ, অর্থনৈতিক মুক্তি, বৈষম্যহীন সুযোগ সৃষ্টি ও তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত করা। বর্তমান সরকার সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখে রাষ্ট্র পুনর্গঠন ও তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্য বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে শিল্পপ্রতিষ্ঠানের চাহিদার সঙ্গে সমন্বয় করা এবং একাডেমি-ইন্ডাস্ট্রি সহযোগিতা জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, গত সাড়ে পাঁচ মাসে দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয়ে এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজকের সেমিনার ও জব ফেয়ার আয়োজন করা হয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আয়োজিত জব ফেয়ারে সর্বোচ্চ ৩৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আজকের আয়োজনে প্রায় ৮০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে, যা একটি ইতিবাচক অগ্রগতি।
অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন বলেন, উচ্চশিক্ষিতদের বেকারত্বের হার ১৩ দশমিক ৫৪ শতাংশ এবং শিক্ষিত তরুণদের শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের বাইরে থাকার হারও উদ্বেগজনক। এ পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ের প্রচলিত পাঠ্যক্রমকে যুগোপযোগী করা, শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনের সুযোগ তৈরি এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর সংযোগ প্রতিষ্ঠা জরুরি। শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, শিক্ষার্থীদের প্রযুক্তিগত, পেশাগত, ডিজিটাল, যোগাযোগ ও আন্তঃব্যক্তিক দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে। পাঠ্যক্রম প্রণয়ন ও সংশোধনের ক্ষেত্রে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্পৃক্ত করা এবং শ্রেণিকক্ষে শিল্প ও পেশাজগতের অভিজ্ঞ ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করা হলে শিক্ষার্থীদের দক্ষতা ও চাকরির বাজারের চাহিদার মধ্যে ব্যবধান কমানো সম্ভব হবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে শিল্পায়ন, উদ্ভাবন ও বাস্তব প্রয়োগের সঙ্গে যুক্ত করতে হবে। গবেষণার ফলাফল শুধু জার্নালে প্রকাশের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা শিল্পপ্রতিষ্ঠানের কাজে লাগানো, প্রযুক্তি উদ্ভাবন, গবেষণার বাণিজ্যিকীকরণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে হবে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের যৌথ গবেষণা, ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টিশশিপ এবং উদ্যোক্তা তৈরির উদ্যোগ আরও সম্প্রসারণ করা প্রয়োজন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে চাকরির বাজারে পরিবর্তন আসছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা তৈরি করতে হবে এবং শিল্পায়ন ও উৎপাদনমুখী অর্থনীতির বিকাশে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। সরকার বিশ্ববিদ্যালয় পর্যায়ে এআই ও আইসিটি, কর্মসংস্থান ও চাকরির দক্ষতা এবং নৈতিকতা ও পেশাদারিত্ব বিষয়ে প্রশিক্ষণমূলক কোর্স চালুর পরিকল্পনা করছে। পাশাপাশি ইন্টার্নশিপ ও অ্যাপ্রেন্টিশশিপ কার্যক্রমকে কাঠামোবদ্ধ করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে ইন্ডাস্ট্রি অ্যাডভাইজরি বোর্ড গঠন, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ, যৌথ গবেষণা এবং শিক্ষার্থীদের কর্মসংস্থান নিশ্চিত করার কার্যকর ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থায়ন ও সহযোগিতার ক্ষেত্রেও শিল্প-একাডেমিয়া সংযোগ, গবেষণা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়, শিক্ষার্থীদের স্নাতক সম্পন্ন করার সময়সূচি এবং নিয়োগ পরিকল্পনার মধ্যে সামঞ্জস্য থাকা প্রয়োজন। এতে শিল্পপ্রতিষ্ঠানগুলো আগাম মানবসম্পদ পরিকল্পনা করতে পারবে এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। বিশ্ববিদ্যালয়, সরকার ও শিল্পপ্রতিষ্ঠান সম্মিলিতভাবে কাজ করলে বেকারত্ব নিরসন, উদ্ভাবন, শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশের জন্য বেকারত্বের বোঝা তৈরি করতে চায় না। সীমিত সম্পদের মধ্যেও শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য উৎসাহব্যঞ্জক ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে বিশ্ববিদ্যালয় কাজ করছে। আজকের সেমিনার থেকে প্রাপ্ত তথ্য ও সুযোগগুলো কাজে লাগানো প্রয়োজন। একাডেমি-ইন্ডাস্ট্রি সহযোগিতার মাধ্যমে শিল্পভিত্তিক দক্ষতাসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরি করতে পারলে দেশ সমৃদ্ধ হবে।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও জব ফেয়ার আয়োজক উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ আলী নূর এবং বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা এ কে এম ফাহিম মাশরুর। স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। সেমিনারটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক মেজবাহ-উল-আজম সওদাগর এবং ধন্যবাদ জ্ঞাপন করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন।
সেমিনারে উচ্চশিক্ষা ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, শিক্ষার্থীদের দক্ষতা ও কর্মক্ষেত্রের চাহিদার মধ্যে সমন্বয়, কর্মমুখী শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে শিল্পপ্রতিষ্ঠানের সম্পৃক্ততা এবং শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের চাহিদা, পেশাগত দক্ষতা ও কর্মসংস্থানের সম্ভাবনা সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক সমিতি, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।
