জমকালো আয়োজনে এবিজি মিডিয়া কাপের ড্র, ‘ডি’ গ্রুপে বাংলাদেশ প্রতিদিন

অনলাইন ডেস্ক

ডেডলাইনের চাপ, কলম, কিবোর্ড আর ক্যামেরার ব্যস্ততা পেছনে ফেলে এবার মাঠের লড়াইয়ে নামতে যাচ্ছেন দেশের গণমাধ্যমকর্মীরা। ৪৮টি গণমাধ্যম প্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে এবিজি মিডিয়া কাপ ফুটবল-২০২৬।জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের ড্র ও জার্সি উন্মোচন অনুষ্ঠান। ড্রয়ে ছয়টি করে দল নিয়ে গঠন করা হয়েছে আটটি গ্রুপ।

এর মধ্যে ‘ডি’ গ্রুপে জায়গা পেয়েছে বাংলাদেশ প্রতিদিন। একই গ্রুপে এশিয়া পোস্ট, ঢাকা পোস্ট, ডিবিসি নিউজ, স্টার নিউজ ছাড়াও নয়া দিগন্ত রয়েছে। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় বসে এই আয়োজন।

আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগে এবং বসুন্ধরা সিটি-২-এর সহযোগিতায় আয়োজিত হচ্ছে এই প্রতিযোগিতা। এর স্লোগান, ‘এবার জার্সি গায়ে মাঠ মাতানোর অপেক্ষা… খেলা হবে, বন্ধুত্ব হবে, জয় হবে ক্রীড়ার!’ পেশাগত ব্যস্ততার বাইরে গণমাধ্যমকর্মীদের খেলাধুলার সুযোগ তৈরি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্ব বাড়ানোই আয়োজনের অন্যতম লক্ষ্য।

আগামী ১ ডিসেম্বর শুরু হবে এবিজি মিডিয়া কাপের মাঠের লড়াই। গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ফুটসাল মাঠে সেভেন-এ-সাইড পদ্ধতিতে। গ্রুপ পর্ব পেরিয়ে দলগুলো উঠবে নকআউট পর্বে। প্রতিযোগিতার শেষ পর্যায়ের ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা রয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনায়।

এবারের আসরে অংশ নিচ্ছে ৪৮টি গণমাধ্যম প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে ২১টি টেলিভিশন চ্যানেল, ১৬টি জাতীয় দৈনিক, ১০টি অনলাইন নিউজ পোর্টাল ও একটি রেডিও স্টেশন। টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন ও রেডিওর কর্মীদের একই প্রতিযোগিতায় যুক্ত করার মধ্য দিয়ে দেশের গণমাধ্যম অঙ্গনে বড় পরিসরের এক ফুটবল উৎসব হতে যাচ্ছে এটি।

টুর্নামেন্টে থাকছে বড় অঙ্কের অর্থ পুরস্কারও। গ্রুপ পর্বের ১২০টি ম্যাচে ম্যাচসেরার পুরস্কারসহ মোট ৩৬০টি পুরস্কার রাখা হয়েছে। প্রতিটি ম্যাচে জয়ী দল পাবে ২৫ হাজার টাকা, পরাজিত দল পাবে ১০ হাজার টাকা। দ্বিতীয় পর্বে জয়ী দলের জন্য ৩৫ হাজার এবং পরাজিত দলের জন্য ১৫ হাজার টাকা বরাদ্দ রয়েছে। কোয়ার্টার ফাইনালে এই অঙ্ক বেড়ে হবে যথাক্রমে এক লাখ ও ৫০ হাজার টাকা। সেমিফাইনালে জয়ী দল পাবে আড়াই লাখ এবং পরাজিত দল দেড় লাখ টাকা।

ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেও থাকছে আকর্ষণীয় পুরস্কার। টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি) পাবেন দুই লাখ টাকা। ফেয়ার প্লে অ্যাওয়ার্ডের জন্য বরাদ্দ ৫০ হাজার টাকা। এ ছাড়া গোল্ডেন বল, গোল্ডেন বুট, গোল্ডেন গ্লাভস ও সেরা সেটপিসের প্রতিটি বিভাগে পুরস্কার হিসেবে দেওয়া হবে ২৫ হাজার টাকা।

শুধু মাঠের পারফরম্যান্স নয়, টুর্নামেন্ট ঘিরে সংবাদ পরিবেশন ও কনটেন্ট তৈরির ক্ষেত্রেও থাকছে পুরস্কার। সেরা টেলিভিশন রিপোর্ট, সংবাদপত্রের প্রতিবেদন, ওয়েব রিপোর্ট ও মাল্টিমিডিয়া কনটেন্টের প্রতিটি বিভাগে পুরস্কার দুই লাখ টাকা। সবচেয়ে বেশি দেখা সাধারণ কনটেন্টের জন্য দেওয়া হবে তিন লাখ টাকা। এ ছাড়া সেরা আলোকচিত্রীর জন্য রয়েছে এক লাখ টাকা।

সব মিলিয়ে এবিজি মিডিয়া কাপ কেবল একটি ফুটবল প্রতিযোগিতা নয়, দেশের গণমাধ্যমকর্মীদের মিলনমেলায় পরিণত হওয়ার অপেক্ষায়। সংবাদকক্ষের সহকর্মীরা এবার একে অপরের মুখোমুখি হবেন ফুটবল মাঠে। প্রতিযোগিতার উত্তেজনার পাশাপাশি বন্ধুত্ব, সৌহার্দ্য ও ক্রীড়ার আনন্দই হয়ে উঠবে এই আয়োজনের বড় প্রাপ্তি।

এবিজি মিডিয়া কাপের আট গ্রুপ

গ্রুপ ‘এ’

– এনটিভি
– প্রতিদিনের বাংলাদেশ
– চ্যানেল ওয়ান
– দেশ রূপান্তর
– রেডিও ক্যাপিটাল
– দীপ্ত টিভি

গ্রুপ ‘বি’

– দৈনিক ইত্তেফাক
– চ্যানেল আই
– সময় টিভি
– এখন টিভি
– খবরের কাগজ
– দৈনিক কালের কণ্ঠ
গ্রুপ ‘সি’

– এশিয়ান টিভি
– দেশ টিভি
– দ্য ওয়েভ ২৪
– আরটিভি
– ডেইলি সান
– দৈনিক কালবেলা
গ্রুপ ‘ডি’

– এশিয়া পোস্ট
– ঢাকা পোস্ট
– ডিবিসি নিউজ
– স্টার নিউজ
– বাংলাদেশ প্রতিদিন
– নয়া দিগন্ত
গ্রুপ ‘ই’

– ক্রিকফ্রেঞ্জি ডটকম
– ডেইলি টাইমস অব বাংলাদেশ
– দ্য নিউজ
– টাইমস টুডে
– দৈনিক আমার সময়
– নিউজ২৪
গ্রুপ ‘এফ’

– বাংলাভিশন
– বিডিক্রিকটাইম
– আজকের পত্রিকা
– নাগরিক টিভি
– বাংলানিউজটোয়েন্টিফোর.কম
– ঢাকা ট্রিবিউন
গ্রুপ ‘জি’

– ঢাকা জার্নাল
– মাছরাঙা টিভি
– সমকাল
– গ্রিন টিভি
– টি স্পোর্টস
– দ্য নিউ নেশন
গ্রুপ ‘এইচ’

– যমুনা টিভি
– এটিএন নিউজ
– যুগান্তর
– এটিএন বাংলা
– বিটিভি
– জাগোনিউজ২৪.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights