টাঙ্গাইলে শত বছর ধরে সূর্যঘড়িতেই চলছে বিদ্যালয়ের ক্লাস

টাঙ্গাইল প্রতিনিধি:

আধুনিক ডিজিটাল ঘড়ির যুগেও টাঙ্গাইলের ১৫৬ বছরের ঐতিহ্যবাহী সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম চলে ব্রিটিশ আমলের একটি সূর্যঘড়ির সময় মেনে। একটি খাড়া স্তম্ভে সূর্যের আলোর ছায়া ও নির্দিষ্ট পরিমাপের ভিত্তিতে নির্ধারিত এই সূর্যঘড়ির সময় আজও বর্তমান ঘড়ির সঙ্গে নির্ভুলভাবে মিলে যায়। শুধু সূর্যঘড়িই নয়, জানালাবিহীন ১০টি কক্ষে ১০১টি দরজাসমৃদ্ধ অনন্য স্থাপত্যশৈলীর এই বিদ্যালয়টি আজও ইতিহাসের জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তবে দীর্ঘদিনের অবহেলা ও অযত্নে জরাজীর্ণ হয়ে পড়া ঐতিহাসিক এই স্থাপনাটি রক্ষায় দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা।

জানা যায়, এলাকার মানুষের শিক্ষার প্রসারের কথা চিন্তা করে ১৮৭০ সালে ছয়আনী পরগনার জমিদার শ্রীমতী জাহ্নবী চৌধুরানী বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। মাত্র ৯ বছর বয়সে বিয়ে এবং ১৩ বছর বয়সে স্বামী হারানোর পরও তিনি সমাজসেবা ও শিক্ষাবিস্তারে অনন্য ভূমিকা রাখেন। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর তিনি কলকাতা থেকে ৪০ হাজার টাকা খরচ করে প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী কিনে আনেন। সে সময় দরিদ্র শিক্ষার্থীদের জন্য মাসিক ২২০ টাকা বৃত্তি এবং ৩২ জন শিক্ষক-কর্মচারীর জন্য ১৫০ টাকা সম্মানী ও ভাতা তিনি নিজ তহবিল থেকে প্রদান করতেন। তৎকালীন বৃহত্তর ময়মনসিংহ বিভাগের দ্বিতীয় ইংরেজি মাধ্যম স্কুল ছিল এটি।

ব্রিটিশ স্থাপত্যশৈলীতে নির্মিত এই ভবনের দেয়াল ২২ ইঞ্চি পুরু এবং উচ্চতা ২২ ফুট। তখন বিদ্যুৎ না থাকায় শ্রেণিকক্ষে পর্যাপ্ত আলো-বাতাস প্রবেশের জন্য জানালাবিহীন ১০টি কক্ষে মোট ১০১টি দরজা রাখা হয়েছিল। বিদ্যালয় প্রাঙ্গণে জমিদার আমলের ঐতিহ্যবাহী ‘আয়না দিঘি’ রয়েছে, যার স্বচ্ছ পানির কারণে এমন নামকরণ হয়েছিল। এ ছাড়া বিদ্যালয়ে মোগল আমলের সিন্দুক, নানা ঐতিহাসিক ছবি এবং লাইব্রেরিতে পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানের প্রাচীন ব্যবহারিক সরঞ্জাম সংরক্ষিত রয়েছে।

বিদ্যালয়ের অন্যতম প্রধান আকর্ষণ সূর্যঘড়িটি স্থাপন করেছিলেন তৎকালীন ইংরেজি বিষয়ের শিক্ষক পি. সি. সেন। ঘড়িটিতে একটি খাড়া স্তম্ভ রয়েছে, যার বিপরীত পাশে রোমান সংখ্যায় চিহ্নিত ঘর এবং পেছনে ১২ মাসের তারিখসংবলিত একটি বিশেষ ক্যালেন্ডার রয়েছে। সূর্যের আলোর কারণে সৃষ্ট ছায়ার দৈর্ঘ্য ও অবস্থানের সঙ্গে ক্যালেন্ডারের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময় যোগ-বিয়োগ করে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রকৃত সময় নির্ণয় করা হয়।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দুলাল রায় বলেন, আধুনিক প্রযুক্তির যুগেও এই সূর্যঘড়ি আমাদের অতীতের বিজ্ঞানচর্চা ও গৌরবময় ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেয়। দূরদূরান্ত থেকে অনেক দর্শনার্থী এটি দেখতে আসেন। বিদ্যালয়ের পিয়ন আরিফ খান জানান, ১৩ বছর আগে চাকরির শুরুতে তিনি সূর্যঘড়ি দেখে সময় বুঝতে পারতেন না। পরে শিক্ষক অরুণ স্যারের কাছ থেকে ছায়ার অবস্থান ও কাঁটার হিসাব শিখে নেন এবং এখন হাতঘড়ি ছাড়াই সূর্যঘড়ি দেখে নিখুঁতভাবে ক্লাসের ঘণ্টা বাজান। নবম শ্রেণির শিক্ষার্থী সাইদা তাসনিম জানায়, নতুন শিক্ষার্থীরা শুরুতে সূর্যঘড়ি বুঝতে না পারলেও অভিজ্ঞ শিক্ষক ও জ্যেষ্ঠ শিক্ষার্থীদের কাছ থেকে তা শিখে নেয়।

তবে দেড় শতাব্দীরও বেশি পুরোনো এই ভবনটি বর্তমানে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। দেয়ালে বড় বড় ফাটল ধরেছে এবং বৃষ্টি হলেই ছাদ চুইয়ে শ্রেণিকক্ষে পানি পড়ে। ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের চরম আতঙ্ক ও ঝুঁকির মধ্যে পাঠদান ও পড়াশোনা চালিয়ে যেতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আনিসুর রহমান খান এবং মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর দৌহিত্র মাহমুদুল হক শানু বলেন, শতবর্ষ পেরিয়েও নিখুঁত কারিগরি ও স্থাপত্যশৈলীর এই নিদর্শন ইতিহাসের সাক্ষী হয়ে আছে। ঐতিহাসিক এই স্থাপনা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. চান মিয়া জানান, জরাজীর্ণ ভবনটি সংস্কারের জন্য ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights