টেকনাফে ২৫ হাজার পিস ইয়াবাসহ আটক ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ২৫ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার এবং এক রোহিঙ্গাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫।

আটককৃত মাদক কারবারিরা হলেন- টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নয়াবাজার পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত নুরুল হোসেনের ছেলে জাহিদ হোসেন প্রকাশ ধইল্যা (৩৫) ও উখিয়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/৫ এর বাসিন্দা মৃত দিল মোহাম্মদের ছেলে সৈয়দ সালাম প্রকাশ সাইদুল ইসলাম (২৩)।

কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নয়াপাড়া পশ্চিম সাতঘরিয়া পাড়ার শিয়ালিয়া পাহাড়ের ওপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবাসহ অবস্থান করতেছে- এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে দুই জন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের তল্লাশি করে ২৫ হাজার ৭ শত পিস ইয়াবা ট্যাবলেট, ২টি স্মার্ট ও ১টি বাটন মোবাইলফোন এবং ৩টি সিম কার্ড উদ্ধার করা হয়।

র‌্যাবের আভিযানিক দল বর্ণিত স্থানে পৌঁছানোর পূর্বেই তিন জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। আটককৃত মাদক কারবারিরা জানায়, ধৃত ও পলাতক মাদক ব্যবসায়ীরা বেশ কিছু দিন ধরে মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। মাদক ব্যবসায়ীরা ইয়াবার চালানসমূহ অবৈধভাবে নিজেদের হেফাজতে মজুদ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে মাদক ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে টেকনাফের পাহাড়ি এলাকাগুলো ব্যবহার করে থাকে বলে জানা যায়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights