ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমছে ৮১ কিমি
রফিকুল ইসলাম রনি
ঢাকা ও চট্টগ্রামের মধ্যকার দূরত্ব কমাতে প্রায় চার দশক আগে নেওয়া ‘ঢাকা-কুমিল্লা কর্ড লাইন’ প্রকল্পটি বাস্তবায়নে নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে। আশির দশকে পরিকল্পনাটি গৃহীত হলেও দীর্ঘ ৪০ বছরেও তা আলোর মুখ দেখেনি। তবে বর্তমান সরকারের আমলে প্রকল্পটি বাস্তবায়নের পথে দৃশ্যমান অগ্রগতি শুরু হয়েছে। এই রেলপথ নির্মিত হলে ঢাকা থেকে চট্টগ্রামে ট্রেনে যাতায়াতের সময় কমে মাত্র তিন থেকে সাড়ে তিন ঘণ্টায় নেমে আসবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রস্তাবিত ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত প্রায় ৯০ কিলোমিটার দীর্ঘ এই রেলপথটি পুরোটাই উড়ালপথে (এলিভেটেড) নাকি ৪০ শতাংশ সমতল ও ৬০ শতাংশ উড়ালপথে নির্মিত হবে-এ সংক্রান্ত দুটি পৃথক প্রস্তাব অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রামের বর্তমান দূরত্ব প্রায় ৮১ কিলোমিটার কমে যাবে।
উড়াল ও সমতলে মিলিতভাবে প্রকল্পটি বাস্তবায়ন করলে প্রাথমিক খরচ ধরা হয়েছে প্রায় ৬১ হাজার কোটি টাকা। তবে পুরো রেলপথটি উড়ালপথে নির্মাণ করা হলে প্রাক্কলিত ব্যয় দাঁড়াবে প্রায় ৮৪ হাজার কোটি টাকা। উড়ালপথ নির্মাণে প্রাথমিক বিনিয়োগ কিছুটা বেশি হলেও এর মাধ্যমে দ্রুতগতির, নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য রেলসেবা নিশ্চিত করা সম্ভব হবে, যা দীর্ঘমেয়াদে আর্থিকভাবে অধিক লাভজনক হবে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানান, প্রকল্পটির সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) ইতোমধ্যে শেষ হয়েছে এবং বর্তমানে চূড়ান্ত নকশা প্রণয়নের কাজ চলছে। পুরো পথ উড়ালপথে নির্মাণ করলে প্রায় ৮৩ হাজার ৯০১ কোটি টাকা ব্যয় হতে পারে। জানা যায়, ব্রিটিশ আমলে ঔপনিবেশিক শাসনের সময় আসাম-বেঙ্গল রেলওয়ে মূলত তাদের অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থে প্রতিষ্ঠিত হয়েছিল। সিলেট ও আসামের চা চট্টগ্রামে এনে বন্দর দিয়ে রপ্তানি করাই ছিল এর মূল উদ্দেশ্য। ফলে তখন যাত্রী পরিবহনের বিষয়টি বিবেচনায় না থাকায় আখাউড়া হয়ে ঢাকা যাওয়ার রেলপথটি অগ্রাধিকার পায়নি। তবে স্বাধীন বাংলাদেশে ঢাকা-চট্টগ্রাম রেলপথ যাত্রী পরিবহনের সবচেয়ে জনপ্রিয় ও ব্যয়-সাশ্রয়ী মাধ্যমে পরিণত হয়েছে। বর্তমানের ২১৩ মাইল বা ৩২৪ কিলোমিটারের এই দীর্ঘ পথটিকে ৬৩ মাইল কমিয়ে ১৫০ মাইলে নামিয়ে আনতে আশির দশকে ‘ঢাকা-লাকসাম কর্ডলাইন’ নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন বলেন, ঢাকার শ্যামপুর ও নারায়ণগঞ্জ এলাকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ হওয়ায় সেখানে সমতলে রেলপথ নির্মাণ বেশ জটিল। তাই উড়ালপথে রেলপথ নির্মাণ করলে জমি অধিগ্রহণের ঝামেলা ও জটিলতা বহুলাংশে কমে যাবে।
প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান প্রাথমিকভাবে তিনটি বিকল্প রুট প্রস্তাব করলেও ‘অপশন ১’-কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই রুটের দৈর্ঘ্য ৮২ দশমিক ৫ কিলোমিটার। এটি ঢাকা-কদমতলী-নারায়ণগঞ্জ সদর-বন্দর-সোনারগাঁ-মেঘনা-তিতাস-মুরাদনগর-দেবিদ্বার-বুড়িচং হয়ে কুমিল্লা সদরে যুক্ত হবে। কুমিল্লা রেলওয়ে স্টেশনের সাড়ে ৩ কিলোমিটার উত্তরে এই নতুন রেলপথ বিদ্যমান ঢাকা-চট্টগ্রাম রেলপথের সঙ্গে মিলিত হবে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, এই রুটের ২০ দশমিক ৭ কিলোমিটার উড়ালপথ, ১ দশমিক ৬ কিলোমিটার বড় সেতু এবং শিল্প এলাকার উত্তর দিকে ৩ দশমিক ৭ কিলোমিটার দীর্ঘ মেঘনা সেতু নির্মাণ করা হবে। বাকি ৫৫ কিলোমিটার অংশে বাঁধ তৈরি করতে হবে। এই বিকল্পটির জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬১ হাজার ৭৩৮ কোটি টাকা। রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) প্রকৌশলী আল ফাত্তাহ মাসউদুর রহমান বলেন, ফিজিবিলিটি স্টাডি শেষে এখন ডিজাইনিং ও জমি অধিগ্রহণের প্রস্তুতি চলছে। সম্পূর্ণ প্রকল্পটি উড়ালপথে বাস্তবায়ন করা হলে অতিরিক্ত ১২ হাজার কোটি টাকা ব্যয় হলেও প্রায় ৩৩৩ একর জমি অধিগ্রহণের ঝামেলা ও খরচ অনেকটাই লাঘব হবে। প্রকল্পটির অর্থায়ন এখনো চূড়ান্ত না হলেও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)সহ দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা এতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। এ ছাড়া পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলেও অর্থায়নের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এডিবির সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে এবং অর্থায়ন নিশ্চিত হলেই আগামী বছরের মধ্যে এর নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে।
