ঢামেকে সাজাপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু
ঢামেক প্রতিনিধি
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ইয়াসিন আরাফাত (২২) নামে এক সাজাপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু হয়েছে।
বুধবার (রাত) পৌনে ১০টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অসুস্থ অবস্থায় কারারক্ষীদের মাধ্যমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত ইয়াসিন আরাফাতের গ্রামের বাড়ি গাজীপুরের কোনাবাড়ী চৌরাস্তা এলাকায়। তার বাবার নাম মইজুল।
কারা সূত্রে জানা গেছে, ইয়াসিন আরাফাত এর আগে গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। অসুস্থ হয়ে পড়ায় উন্নত চিকিৎসার জন্য বুধবার তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার হয়ে রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কারা কর্তিৃপক্ষের নির্দেশে কারারক্ষী জসীম উদ্দীনসহ কয়েকজন কারারক্ষী তার সঙ্গে ছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে ইয়াসিন আরাফাত কোন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
