দিনাজপুরে ইবতেদায়ি বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরে উন্মুক্ত ইবতেদায়ি ৫ম শ্রেণি বৃত্তি স্পেশাল টেস্ট-২০২৬ এর ফলাফল প্রকাশ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকালে দিনাজপুর নুরজাহান কামিল মাদ্রাসা মিলনায়তনে ‘দিনাজপুর আলিফ ফাউন্ডেশন’ এই অনুষ্ঠানের আয়োজন করে।
আলিফ ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যাপক সাদাকাত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরজাহান কামিল মাদ্রাসার অধ্যক্ষ আ.স.ম আব্দুল মুঈদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মাহফুজুর রহমান।
ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মোঃ কামারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সদস্য মু. মাহফুজুর রহমান, বৃত্তি স্পেশাল টেস্টের পরীক্ষা নিয়ন্ত্রক মিনারা বেগম, বিরল বোর্ডহাট দারুল উলুম দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ শফিকুল ইসলাম, পরীক্ষক মোঃ বিপ্লব ইসলাম, মাওলানা ক্বারী শামসুল ইসলাম, হাফেজ মাওলানা আরমান হোসেন, সোহেল রানা, শাহিন রহমান, আব্দুল কাহহার বাঁধন এবং শিক্ষার্থী মেহেরুন জান্নাত।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আ.স.ম আব্দুল মুঈদ বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে এবং শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে এ ধরনের মূল্যায়ন পরীক্ষা ভূমিকা রাখতে পারে। শিক্ষক ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় এ শিক্ষা ব্যবস্থার আরও উন্নয়ন সম্ভব।
সভাপতির বক্তব্যে অধ্যাপক সাদাকাত আলী খান বলেন, মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে আলিফ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। এই কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন।
আয়োজক সূত্রে জানা গেছে, গত ৫ ও ৭ নভেম্বর দিনাজপুরের ২১টি মাদ্রাসার ইবতেদায়ি ৫ম শ্রেণির প্রায় ২০০ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়। ফলাফলের ভিত্তিতে ট্যালেন্টপুলে ১০ জনকে মেডেল, প্রাইজমানি ও সনদপত্র এবং সাধারণ গ্রেডে ১৮ জনকে মেডেল ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকেই সনদপত্র দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ২০২৫ শিক্ষাবর্ষে আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া সাংস্কৃতিক পর্বে সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন ওয়াহিদা নুসরাত, মেহেজাবীন মীম, সুমাইয়া আক্তার, শোয়াইব আল দ্বীন রিদান ও আফিফা নাওয়ার সাওদা। অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
