নিজেকে রোমান্টিক মনে করেন আয়ুষ্মান
অনলাইন ডেস্ক
নিজেকে বেশ রোমান্টিক মানুষ বলেই মনে করেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। তবে তিনি কতটা রোম্যান্টিক, তা জানতে চাইলে স্ত্রীকেই প্রশ্ন করার পরামর্শ দিয়েছেন এই অভিনেতা।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন, প্রেমের সংজ্ঞা এবং নতুন সিনেমা নিয়ে কথা বলেছেন আয়ুষ্মান। ‘ইয়ে প্রেম মোল লিয়া’ সিনেমায় প্রথমবারের মতো প্রেমের চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবিটি পরিচালনা করেছেন সুরজ বরজাতিয়া।
ব্যক্তিগত জীবনে তিনি কতটা রোম্যান্টিক এমন প্রশ্নের জবাবে আয়ুষ্মান বলেন, ‘আমার তো মনে হয়, আমি বেশ রোমান্টিক। আমি জীবনকে রোমান্টিক দৃষ্টিভঙ্গিতে দেখি। তবে নিজেকে কতটা রোমান্টিক মানুষ হিসেবে দেখব, তা ঠিক বুঝতে পারছি না। আমার বিশ্বাস, আমি রোম্যান্টিক। এ ব্যাপারে আমার স্ত্রীকে জিজ্ঞাসা করতে পারেন।’
‘প্রেম’ চরিত্রে অভিনয়ের সুযোগকে নিজের জন্য বড় সম্মান বলে মনে করেন আয়ুষ্মান। সুরজ বরজাতিয়ার সঙ্গে কাজ করা তাঁর দীর্ঘদিনের ইচ্ছা ছিল বলেও জানান তিনি। অভিনেতা বলেন, সালমান খানের বড় ভক্ত তিনি। তাঁর মতে, সালমানের মতো ‘প্রেম’ চরিত্রে আর কেউ অভিনয় করতে পারবেন না। তবে এবারের গল্প ও চরিত্রটি একেবারেই আলাদা এবং তাঁর ব্যক্তিগত সত্তার কাছাকাছি।
প্রেমের গল্পের আবেদন প্রসঙ্গে আয়ুষ্মান বলেন, মানুষ সব সময়ই ভালোবাসা চায়। তাই প্রেমের গল্প কখনো পুরোনো হয় না। তাঁর মতে, প্রেমে পড়া সহজ হলেও সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন। বর্তমান সময়ে পেশাগত ব্যস্ততার কারণে ভালোবাসার জন্য আলাদা করে সময় বের করতে হয়।
তিনি আরও বলেন, ‘ইয়ে প্রেম মোল লিয়া’ শুধু দুজন মানুষের প্রেমের গল্প নয়; এটি দুই পরিবারের একসঙ্গে ভালো থাকা এবং পারস্পরিক ভালোবাসার গল্প। এতে সম্পর্কের পাশাপাশি দায়িত্ব নেওয়ার বিষয়টিও তুলে ধরা হয়েছে।
নিজের পারিবারিক জীবনের অভিজ্ঞতা চরিত্রটি ফুটিয়ে তুলতে সাহায্য করেছে বলেও জানান অভিনেতা। যৌথ ও একক—দুই ধরনের পরিবারেই বেড়ে ওঠার অভিজ্ঞতা তাঁর অভিনয়ে প্রভাব ফেলেছে বলে মনে করেন তিনি।
সাক্ষাৎকারে নিজের পছন্দের রোমান্টিক সিনেমা হিসেবে ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হম আপকে হ্যায় কৌন’ ও ‘হম সাথ সাথ হ্যায়’-এর নাম উল্লেখ করেন আয়ুষ্মান। এ ছাড়া অভিনয়ের পাশাপাশি লেখালেখি, কবিতা, গান ও সুর তৈরির কাজ তাঁকে সৃজনশীলতা ধরে রাখতে এবং অভিনয়ে নতুন অনুপ্রেরণা পেতে সাহায্য করে বলেও জানান তিনি।
২০২৪ সালের পর কলকাতায় আর কোনো কনসার্ট করেননি আয়ুষ্মান। তবে খুব শিগগিরই কনসার্ট নিয়ে কলকাতায় ফেরার আশ্বাস দিয়েছেন এই অভিনেতা।
