নিষিদ্ধদের সঙ্গে যোগাযোগ, নজরদারিতে বহু আমলা

নিজস্ব প্রতিবেদক

বছরের শেষ মাস ডিসেম্বর ঘিরে দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় থেকে শুরু করে মাঠপর্যায়ের আমলাদের মধ্যে এক ধরনের কৌতূহল বিরাজ করছে। ডিসেম্বর ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা সমীকরণ, বিভিন্ন দলের কর্মসূচি এবং সম্ভাব্য পরিবর্তনের গুঞ্জনের কারণে প্রশাসনের কর্মকর্তারা রাজনৈতিক খোঁজ রাখছেন। অনেকে গ্রহণ করেছেন ‘ধীরে চলো’ নীতি। তবে সরকারের বিভিন্ন পর্যায় ও গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে জানা গেছে, প্রশাসনের অনেক কর্মকর্তাই আছেন নজরদারিতে। বিশেষ করে প্রশাসনের ভিতরে থেকে যারা পলাতক বা কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠীর ইন্ধনে কাজ করছেন কিংবা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন, তাদের বড় একটি অংশ এই নজরদারির আওতায় আছে বলে জানা গেছে।

কয়েক সপ্তাহ ধরে প্রশাসনের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে কাজের গতি কিছুটা মন্থর। সচিবরা তাদের আওতাধীন মন্ত্রণালয়ের গতি বাড়াতে নিয়মিত চেষ্টা করছেন। বর্তমান প্রশাসনের কেউ কাজে গতি না ফিরিয়ে এই ডিসেম্বর মাসটির জন্য অপেক্ষা করছেন কি না ইতোমধ্যেই সে প্রশ্ন তুলেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন যুগ্ম সচিব জানান, ‘রাজনৈতিক দলগুলোর ডিসেম্বরকেন্দ্রিক কর্মসূচি এবং নির্বাচন ও সংস্কার ইস্যুতে ভবিষ্যতে কী ঘটতে যাচ্ছে, তা নিয়ে আমলাদের মধ্যে নানা হিসাবনিকাশ চলছে। বলতে পারেন রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। অতিরিক্ত সচিবদের কেউ কেউ মনে করছেন ডিসেম্বরে দেশের রাজনীতিতে বড় কোনো মেরুকরণ ঘটতে পারে। আর সে কারণেই নিজেদের অবস্থান নিরাপদ রাখতে অনেক কর্মকর্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আবার অনেক কর্মকর্তা বলেন, এটা একটা দলের ফাঁকা আওয়াজ। দুজন সচিব নাম প্রকাশ না করে, বলেন, সরকারের কার্যক্রম নির্দিষ্ট গতিতেই আছে। ডিসেম্বর নিয়ে আসলে কিছু হবে না। একটা সাময়িক ভিতি তৈরির চেষ্টা সব কেটে যাবে। সাবেক সচিব ও জনপ্রশাসন বিশেষজ্ঞ এ কে এম আবদুল আউয়াল মজুমদার বলেন, ‘আমলাদের নিয়ে বিগত দিনে একটা অনাস্থা তৈরি হয়েছে, বিভাজন তৈরি হয়েছে। নিজেরা দলদাস হতে গিয়ে এমন পরিস্থিতি হয়েছে। এক সময় অনেকে বঞ্চিত ছিল আবার এখন যারা বেকায়দায় তারা চিন্তা করছেন পরিবর্তন আসলে সুবিধা পাবে। তবে এটি হওয়ার কথা ছিল না। প্রশাসনে রাজনীতিকরণটাই একটা সমস্যা। আর প্রশাসনের ওপর নজরদারিটা সারা বিশ্বেই আছে। এটা খুব অযৌক্তিক কিছু নয়, রুটিন ওয়ার্ক’।

সুবিধাভোগীরাই দাপটে, কোণঠাসা বঞ্চিতরা : প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকা এবং আগের সরকারের সুবিধাভোগী হিসেবে পরিচিত কর্মকর্তাদের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকারের উচ্চপর্যায়। যদিও সুবিধাভোগী কর্মকর্তাদের একটা বড় অংশ উপদেষ্টা এবং মন্ত্রী প্রতিমন্ত্রীর পিএস হিসেবেও নিয়োজিত। কেউ কেউ রাতারাতি নিজের বোল পাল্টে মিশে গেছে বর্তমান সরকার দলের সঙ্গে। আবার যারা বিগত দিনে বঞ্চিত ছিল তারা খোদ জনপ্রশাসন মন্ত্রণালয়ে ঘুরে পোস্টিং পদোন্নতি পাচ্ছে না। একটা চক্র নানা মিথ্যা তথ্য দিয়ে মন্ত্রী সচিবের কান ভারী করছে, কখনো পিএসরাও এ কাজটি করছেন। এতে বিএনপি মতাদর্শের লোকদের সরকারের ‘কী পয়েন্ট’ থেকে দূরে ঠেলে দিচ্ছে। উপসচিব থেকে অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তারা নিজের পদোন্নতি বা একটু ভালো পোস্টিং পেতে জনপ্রশাসনে আসলেও সুফল পাচ্ছে না বহু কর্মকর্তা। অনেকক্ষেত্রে ওইসব কর্মকর্তাদের নামে নেতিবাচক তথ্য ছড়াচ্ছে মন্ত্রণালয়ের কেউ কেউ। বিতর্কিত জনপ্রশাসন সচিব এহছানুল হককে বিদায় করলেও তার বিতর্কিত পিএসকে সড়াতে পারেনি জনপ্রশাসন। ওই পিএস নিয়ে নানা অভিযোগ রয়েছে। আগের সরকারের সময় বিভিন্ন মন্ত্রণালয়ে থাকা কর্মকর্তারা এখনো ৫-৬ বছর বা আরও বেশি সময় ধরে একই মন্ত্রণালয়ে কাজ করে যাচ্ছেন। আবার কয়েকটি মন্ত্রণালয়ে বিশ্বস্ত কর্মকর্তাদের কমগুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে সরিয়ে দিয়েছে সরকার। এসব নিয়ে কর্মকর্তাদের মধ্যে চাপাক্ষোভ রয়েছে।

সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি প্রশাসনের কোনো পর্যায়ে কেউ কাজে গতি না ফিরিয়ে ডিসেম্বরের জন্য অপেক্ষা করছেন কি না জানতে চান। তিনি বিভিন্ন মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো প্রস্তাব এবং সংশ্লিষ্ট সারসংক্ষেপ (সামারি) বিলম্ব না করে দ্রুত পাঠানোর নির্দেশ দেন। তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের কাছে প্রশাসনিক কার্যক্রমে গতি বাড়ানোর কঠোর নির্দেশনা দেন। ওই সভায় মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সরকারি সিদ্ধান্ত ও প্রশাসনিক কার্যক্রমের প্রতিটি স্তরে জনগণের স্বার্থ জড়িত। তাই রাজনৈতিক পরিস্থিতির অজুহাতে দায়িত্ব পালনে শৈথিল্য দেখানোর সুযোগ নেই। সচিবদের সামনে এই দায়িত্ববোধের কথাই তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব’। একাধিক সূত্রে জানা গেছে, সরকারি চাকরিতে থেকেও যারা গোপনে পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন বা প্রশাসনিক কাজে ইচ্ছাকৃতভাবে দীর্ঘসূত্রতা তৈরি করছেন, তাদের তালিকা তৈরি করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নীতিনির্ধারণী ব্যক্তিরা। সরকারের সাপ্তাহিক ব্রিফিংয়ে নজরদারি বিষয়টি জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, ‘সরকারি কর্মকর্তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বিষয়ে নজরদারি করছে সরকার। তবে কীভাবে তাদের ওপর নজর রাখা হচ্ছে, তা প্রকাশ করা সম্ভব নয়। আওয়ামী লীগ বহু বছর ক্ষমতায় থাকায় সরকারি বিভিন্ন পর্যায়ে অনেক মানুষের সঙ্গে দলটির রাজনৈতিক সম্পৃক্ততা বা ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। অতীতে কারও সঙ্গে রাজনৈতিক ঘনিষ্ঠতা থাকাটা সমস্যা নয়। কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করার সময় কেউ রাজনৈতিকভাবে কোনো দলের সঙ্গে যুক্ত থাকলে তা গুরুতর বিষয়’।

গত কয়েক দিন সচিবালয়ে দেখা গেছে, বিভিন্ন ব্যাচমেট এবং ঘনিষ্ঠদের আড্ডায় গল্পে ঘুরে ফিরে আসছে সাম্প্রতিক রাজনৈতিক প্রসঙ্গ। একজন আরেকজনের কাছে জানতে চান কী হতে যাচ্ছে। কেউ গোপালগঞ্জের পরিস্থিতি বিভিন্ন স্থানে সহিংসতা, শ্রমিক আন্দোলন নিয়ে নিজ নিজ বক্তব্য এবং যুক্তি তুলে ধরতেও শোনা যায়।

জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা বা পরিবর্তনের গুঞ্জন উঠলেই আমলাতন্ত্রের একটি অংশের মধ্যে দোদুল্যমানতা দেখা দেয়, যা প্রশাসনের স্বাভাবিক গতিশীলতা ব্যাহত করে।

আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি এবং প্রশাসনের নির্দেশনা নিয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আবদুল বারী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আসলে কিছুই হবে না। সরকার তার কাজকর্ম স্বাভাবিক গতিতে এগিয়ে নিচ্ছে। মাঠ প্রশাসনকেও নির্দেশনার কিছু নেই কারণ জেলার শৃঙ্খলা রক্ষায় ডিসির কাজের অংশ। প্রশাসনে শৃঙ্খলা রক্ষায় বর্তমান সরকার কঠোর বলেন তিনি।

সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, রাষ্ট্রের শৃঙ্খলা বজায় রাখতে এবং জনসেবা নিশ্চিত করতে প্রশাসনকে সম্পূর্ণ সচল রাখা হবে। কোনো কর্মকর্তা যদি দায়িত্বে অবহেলা করেন বা কোনো বিশেষ মহলের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেন, তবে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। একদিকে ডিসেম্বরকেন্দ্রিক রাজনৈতিক হিসাবনিকাশ, অন্যদিকে গোয়েন্দা নজরদারি এই দুইয়ের চাপে এখন অনেকটাই সতর্ক অবস্থানে রয়েছেন দেশের আমলারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights