নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকার, ৮ জেলের কারাদণ্ড
পটুয়াখালী প্রতিনিধি
প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর তেঁতুলিয়া নদীতে মাছ শিকারের দায়ে আট জেলেকে এক মাস করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১০ অক্টোবর) রাতে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। এর আগে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও নৌপুলিশের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার ছোট শিবা গ্রামের লিটন জোমাদ্দার (৪০), দিলীপ রানা (৪৫), নিরব (২৮), রাব্বি হাওলাদার (২২), রাসেল (২৭) ও বাবুল হোসেন (৩৮)। অন্য দুজন হলেন ভোলার চরফ্যাশন উপজেলার লালপাতা গ্রামের রাজ্জাক কাজী (৫০) ও জসিম হাওলাদার (৪৫)।
অভিযানকালে জেলেদের কাছ থেকে সাড়ে তিন হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও তিনটি ট্রলার জব্দ করা হয়। পরে জব্দ করা কারেন্ট জাল দশমিনার হাজিরহাট এলাকায় তেঁতুলিয়া নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়। দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
যৌথ অভিযানে উপজেলা উপসহকারী মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফেরদাউস, পল্লী সঞ্চয় ব্যাংকের ফিল্ড অফিসার রহমাতুল্লাহসহ সংশ্লিষ্ট সদস্যরা অংশ নেন।
দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা চলাকালে তেঁতুলিয়া নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান চালিয়ে দুই উপজেলার আট জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা কার্যকর করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
