নীলফামারীতে ইয়াবাসহ গ্রেফতার ১
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জাহিদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। নীলফামারী সদর উপজেলার ওয়াপদা মোড় থেকে মানিকের মোড়গামী সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাহিদুল ইসলাম জলঢাকা উপজেলার খালিশা খুটামারা (পশ্চিম খুটামারা) মুন্সিপাড়া গ্রামের মৃত নুরুল হকের ছেলে। স্থানীয়ভাবে তিনি শিক্ষক হিসেবে পরিচিত।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল নীলফামারী আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের প্রধান ফটকের প্রায় ৫০ গজ দক্ষিণে অভিযান চালায়। এ সময় জাহিদুল ইসলামকে আটক করে তল্লাশি করা হয়। তাঁর প্যান্টের দুই পকেটে থাকা দুটি জিপারযুক্ত প্যাকেট থেকে ৪৫ পিস করে মোট ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের আদালতে দাখিল করা প্রতিবেদন সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো নিজের কাছে রাখার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় নীলফামারী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন মুঠোফোনে জানান, মাদক কারবার ঠেকাতে নজরদারি আরও জোরদার করা হবে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেছেন, জাহিদুলের বিরুদ্ধে আগেও একাধিক মাদকসংক্রান্ত মামলা রয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
