পরিদর্শকদের প্রবেশে বাধা, ইরান কি পরমাণু বোমা তৈরির আরও কাছাকাছি পৌঁছে গেছে?
অনলাইন ভার্সন
৭ মার্চ, ২০২৬ তারিখের স্যাটেলাইট চিত্রে ইসফাহান প্রদেশে ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার কাছে ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ টানেল কমপ্লেক্সে ক্ষতিগ্রস্ত যানবাহন দেখা যাচ্ছে। ছবি: এএফপি
ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশ বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে দেশটি পরমাণু বোমা তৈরির কতটা কাছাকাছি পৌঁছেছে, তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ইরানের এক সাবেক শীর্ষ কর্মকর্তা অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার সম্ভাবনার কথা বলার পর বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে।
জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সম্পর্কে তারা এখন আর নির্ভরযোগ্যভাবে যাচাই করতে পারছে না। তবে পরিদর্শকদের প্রবেশে বাধার সুযোগ নিয়ে ইরান পরমাণু বোমা তৈরির অগ্রগতি ঘটিয়েছে, এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।
সোমবার ইরান জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ স্থায়ীভাবে শেষ না হওয়া এবং তেহরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে জাতিসংঘের পরিদর্শকদের প্রবেশ করতে দেওয়া হবে না।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেন, ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেওয়া হবে না। তাঁর দাবি, এসব স্থাপনায় প্রবেশের অনুরোধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত অস্ত্রের কার্যকারিতা যাচাই করার উদ্দেশ্যও থাকতে পারে।
গত জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহানের পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে এসব স্থাপনায় আইএইএর পরিদর্শকেরা প্রবেশ করতে পারেননি। ফলে ইরানের পারমাণবিক উপাদানের বর্তমান অবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর অজানা রয়ে গেছে।
এ পরিস্থিতিতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে।
১. অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়ে ইরান কী বলেছে?
ইরানের সাবেক জ্যেষ্ঠ বিচার বিভাগীয় কর্মকর্তা ও দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ জাভেদ লারিজানি গত রবিবার বলেছেন, পারমাণবিক জ্বালানিচালিত প্রপালশন ব্যবস্থা তৈরির প্রয়োজনে ইরান ইউরেনিয়াম ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করতে পারে। তিনি বলেন, ‘আমাদের এখনো এটি প্রয়োজন। প্রপালশন ব্যবস্থার জন্য আমরা ৯০ শতাংশ পর্যন্তও যেতে পারি।’
একই সঙ্গে ইরানের বর্তমান ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তরের দাবিও প্রত্যাখ্যান করেন তিনি। তবে লারিজানির এই বক্তব্যকে ৯০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়ে ইরানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই। তাঁর দাবি, এ ধরনের প্রযুক্তি ব্যবহার করলেই যে পরমাণু বোমা তৈরির পরিকল্পনা রয়েছে, তা নয়।
২. ৯০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম পরমাণু বোমার কতটা কাছাকাছি?
ইউরেনিয়াম প্রায় ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা হলে তাকে অস্ত্র তৈরির উপযোগী বা ‘উইপনস গ্রেড’ ইউরেনিয়াম বলা হয়। সাধারণত বেসামরিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ৩ থেকে ৫ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করা হয়। অন্যদিকে ইরান ইতিমধ্যে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করেছে। প্রাকৃতিক ইউরেনিয়াম থেকে ৬০ শতাংশে পৌঁছানোর তুলনায় ৬০ শতাংশ থেকে ৯০ শতাংশে উন্নীত করতে তুলনামূলকভাবে অনেক কম অতিরিক্ত সমৃদ্ধকরণ প্রক্রিয়া প্রয়োজন।
তবে অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম থাকলেই একটি কার্যকর পারমাণবিক বোমা তৈরি হয়ে যায় না। এর জন্য আরও বেশ কিছু জটিল প্রযুক্তিগত ও প্রকৌশলগত ধাপ সম্পন্ন করতে হয়।
৩. ইরানের ইউরেনিয়ামের মজুতের কী হয়েছে?
এটাই এখন সবচেয়ে বড় রহস্য।
২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আগে আইএইএর হিসাব অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ সমৃদ্ধ ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়াম ছিল।
আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি এর আগে সতর্ক করে বলেছিলেন, এই পরিমাণ ইউরেনিয়াম আরও সমৃদ্ধ ও অস্ত্র তৈরির উপযোগী করতে পারলে তাত্ত্বিকভাবে সর্বোচ্চ ১০টি পারমাণবিক বোমার জন্য প্রয়োজনীয় উপাদান পাওয়া সম্ভব।
কিন্তু হামলার পর থেকে পরিদর্শকেরা এই ইউরেনিয়ামের বর্তমান অবস্থান ও অবস্থা যাচাই করতে পারেননি।
এ ছাড়া ইসফাহান ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট নিয়েও উদ্বেগ বাড়ছে আইএইএর। সংস্থাটি জানিয়েছে, স্থাপনাটির সঠিক অবস্থান এবং সেখানে পারমাণবিক উপাদান রয়েছে কি না, সে সম্পর্কেও তাদের কাছে নিশ্চিত তথ্য নেই।
৪. ইরান কেন পরিদর্শকদের প্রবেশে বাধা দিচ্ছে?
তেহরানের যুক্তি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন করে হামলার আশঙ্কা থাকা অবস্থায় পারমাণবিক স্থাপনাগুলোতে স্বাভাবিক পরিদর্শন কার্যক্রম চালানো সম্ভব নয়।
আইএইএর উদ্ধৃত এক চিঠিতে ইরান অভিযোগ করেছে, ওয়াশিংটন নতুন করে সামরিক হামলার হুমকি দিচ্ছে।
ইরানের আইনপ্রণেতা ইসমাইল কাওসারি রোববার বলেছেন, পরিদর্শকদের আচরণ নিয়ে তেহরান সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশ করতে দেওয়া হবে না। কিছু পরিদর্শক বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতে পারেন বলেও প্রশ্ন তুলেছেন তিনি।
অন্যদিকে আইএইএ ইরানকে ধাপে ধাপে পরিদর্শকদের ফিরতে দেওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থাটির মতে, পারমাণবিক উপাদানের ওপর নজরদারি ও যাচাইয়ের ঘাটতি দ্রুত দূর করা জরুরি।
ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করতে পারলেও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় এখনো প্রবেশাধিকার পায়নি আইএইএর পরিদর্শক দল।
৫. ইরান কি সত্যিই পরমাণু বোমা তৈরির আরও কাছাকাছি পৌঁছেছে?
এখন পর্যন্ত পরিদর্শন কার্যক্রম বন্ধ থাকার সময় ইরান পরমাণু বোমা তৈরির দিকে আরও এগিয়েছে—এমন কোনো যাচাইযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
তবে আইএইএর উদ্বেগের জায়গা হলো, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম আগের নির্ধারিত স্থানেই রয়েছে কি না, এর মধ্যে আরও সমৃদ্ধকরণ করা হয়েছে কি না কিংবা কোনো পারমাণবিক উপাদান অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।
ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের হামলার প্রয়োজন নাও হতে পারে। তবে পারমাণবিক কর্মকাণ্ডে হুমকির লক্ষণ দেখা গেলে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিতে প্রস্তুত বলেও সতর্ক করেছেন তিনি।
সব মিলিয়ে ইরানের পারমাণবিক সক্ষমতা, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের অযাচাইকৃত মজুত এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশ বন্ধ থাকা, এই তিনটি বিষয় পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
বর্তমানে সবচেয়ে বড় উদ্বেগ শুধু ইরান পরমাণু বোমা তৈরি করছে কি না, তা নয়; বরং দেশটির পারমাণবিক কর্মসূচিতে আসলে কী ঘটছে, সেটি নিশ্চিত হওয়ার মতো তথ্যও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের হাতে নেই। এই অনিশ্চয়তা যত দীর্ঘ হবে, পারমাণবিক হুমকি ও কূটনৈতিক সতর্কবার্তার মধ্যে পার্থক্য নির্ধারণ করাও তত কঠিন হয়ে উঠবে।
