পরিবারের আপত্তিতে জুলাই শহীদ ইসহাকের মরদেহ উত্তোলন স্থগিত

অনলাইন ভার্সন

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মো. ইসহাক জমাদ্দারের মরদেহ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে পরিবারের লিখিত আপত্তির মুখে স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার মরদেহ উত্তোলনের জন্য বরগুনার বামনায় কবরস্থানে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ সাইফুল্লাহ, বামনা থানার এসআই মো. শহিদুল ইসলাম এবং পুলিশের একটি দল

তবে শহীদ ইসহাকের ছেলে মো. সবুজসহ পরিবারের সদস্যরা ধর্মীয় অনুভূতি, সামাজিক বাস্তবতা ও মানসিক কষ্টের বিষয় উল্লেখ করে মরদেহ উত্তোলনে লিখিত আপত্তি জানান। তাদের আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মরদেহ উত্তোলনের কার্যক্রম স্থগিত রাখে।

বরগুনার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ সাইফুল্লাহ বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী মরদেহ উত্তোলনের জন্য ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে পরিবারের পক্ষ থেকে মরদেহ উত্তোলন না করার লিখিত আবেদন পাওয়া গেছে। আবেদনটি গ্রহণ করা হয়েছে। আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার শ্যামলী ক্লাব মাঠসংলগ্ন এলাকায় স্বৈরাচারবিরোধী বিজয় মিছিল চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বরগুনার বামনা উপজেলার বেবাজিয়াখালী গ্রামের বাসিন্দা ও মৃত আজিজ জমাদ্দারের ছেলে মো. ইসহাক জমাদ্দার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights