পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তনের লক্ষ্য সরকারের: সড়কমন্ত্রী

অনলাইন ডেস্ক

সড়ক, রেল ও নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত গ্রহণ ও বাস্তবায়নের কাজ চলছে। পদ্মা দ্বিতীয় সেতু, ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ঢাকা-কুমিল্লা কর্ডলাইনসহ গুরুত্বপূর্ণ প্রকল্প আগামী পাঁচ বছরে বাস্তবায়ন করা গেলে দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে আমূল পরিবর্তন আসবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এসব প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দিনব্যাপী ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সম্মেলনকক্ষে ‘সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের কার্যক্রম অবহিতকরণ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের (আরআরআর) সদস্যরা এতে অংশ নেন।

মন্ত্রী বলেন, জনগুরুত্বপূর্ণ এসব প্রকল্পের কোনোটি প্রস্তুতি পর্যায়ে, কোনোটি সম্ভাব্যতা যাচাই এবং কোনোটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের পর্যায়ে রয়েছে। পদ্মা দ্বিতীয় সেতুর সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছে। এর বিস্তারিত নকশা নিয়েও কাজ চলছে।

ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, এ প্রকল্পের তিনটি বিকল্প নিয়ে কাজ হয়েছে। এর মধ্যে পুরোটা উড়ালসড়ক না করে আংশিক উড়ালসড়ক নির্মাণের দ্বিতীয় বিকল্পটি ব্যয়সাশ্রয়ী বলে মনে হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেওয়া হবে। এই বিকল্প অনুমোদন পেলে এক বছরের মধ্যে প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হতে পারে।

ঢাকা-কুমিল্লা কর্ডলাইন প্রসঙ্গে তিনি বলেন, প্রায় ৮৩ হাজার কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি পুরোপুরি উড়ালপথে নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। এতে জমি অধিগ্রহণ কম লাগবে, জটিলতা কমবে এবং দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে।

মন্ত্রী বলেন, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের আগে বেশ কিছু প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এ কারণে একটি প্রকল্প গ্রহণের পর বাস্তবায়ন শুরু করতেই এক থেকে দেড় বছর লেগে যায়। এরপর বাস্তবায়নে আরও তিন থেকে চার বছর প্রয়োজন হয়।

তিনি বলেন, সরকারের নির্বাচনি ইশতেহার ও জনগুরুত্ব বিবেচনায় রেল, নৌ ও সড়ক যোগাযোগ এবং সেতু খাতের প্রকল্পগুলো নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে এসব প্রকল্প বাস্তবায়ন করা গেলে যোগাযোগ খাতে বড় পরিবর্তন আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights