পাবনায় ভেজাল দুধ তৈরির কারখানা সিলগালা, কারাদণ্ডসহ জরিমানা
পাবনা প্রতিনিধি
পাবনার ফরিদপুর উপজেলায় ভেজাল ও নকল দুধ উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে এক অভিনব অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং উপজেলা প্রশাসন। বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার ছদ্মবেশে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ ক্ষতিকর কেমিক্যাল জব্দ করা হয়েছে। একই সঙ্গে দুই ডেইরি ফার্মকে ১ লাখ টাকা জরিমানা, একটি কারখানা সিলগালা এবং একজনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুরেন্দরপুর উত্তরপাড়াসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক ছদ্মবেশে ‘মেডিকেল এইড’ প্রদানের আড়ালে এলাকায় অবস্থান নিয়ে কারখানাগুলো শনাক্ত করেন। রাতে ভেজাল দুধ তৈরির কাজ শুরু হলে আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে তিনি অভিযান চালান।
অভিযানে পুরেন্দরপুর উত্তরপাড়ার শামীম হোসেনের ডেইরিতে কেমিক্যাল ‘হাইড্রোজেন পার-অক্সাইড’ মিশিয়ে দুধ ভেজালের প্রমাণ পাওয়া যায়। সেখান থেকে ১০০ গ্রাম কেমিক্যাল জব্দসহ শামীমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, ‘স্বপ্ন ডেইরি ফার্ম’ নামের প্রতিষ্ঠানে জেলি, সয়াবিন তেল ও ব্লেন্ডিং মেশিন ব্যবহার করে সম্পূর্ণ নকল দুধ তৈরি করা হচ্ছিল। তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইমামা বানীন সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা ও একজনকে ১৫ দিনের কারাদণ্ড দেন। কারখানাটি সাময়িকভাবে সিলগালা করে ২ ড্রাম জেলি ও ১ ড্রাম পামওয়েল ধ্বংস করা হয়।
অভিযানে পাবনা পুলিশ লাইন ও র্যাব-১২-এর একটি দল সহায়তা করে। ভোক্তা-অধিকার সংরক্ষণের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
